Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্পক্ষেত্রে পরিচ্ছন্নতা-পানীয়ের জন্য ৫ হাজার লিটার ভূগর্ভস্থ জল তুলতে লাগবে না ছাড়পত্র

রাজ্যকে শিল্পবান্ধব করে তোলার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নবান্ন।

শিল্পক্ষেত্রে পরিচ্ছন্নতা-পানীয়ের জন্য ৫ হাজার লিটার ভূগর্ভস্থ জল তুলতে লাগবে না ছাড়পত্র
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যকে শিল্পবান্ধব করে তোলার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নবান্ন। শিল্পক্ষেত্রে পানীয় জল এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় জলের জন্য প্রতিদিন পাঁচ হাজার লিটার পর্যন্ত ভূগর্ভস্থ জল উত্তোলনের ক্ষেত্রে আর কোনও ছাড়পত্র লাগবে না। অনলাইনে এ সংক্রান্ত স্বেচ্ছা ঘোষণাপত্র (সেলফ ডিক্লারেশন ফর্ম) পূরণ করেই শিল্পোদ্যোগীরা কাজ শুরু করতে পারবেন। 

Advertisement

কেন এই সিদ্ধান্ত নিল নবান্ন? রাজ্যের ৬০ থেকে ৭০ শতাংশ কারখানায় ভূগর্ভস্থ জল উত্তোলনের প্রয়োজন পড়ে শুধুমাত্র পানের জন্য এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। মাটির নীচ থেকে জল তোলার জন্য একটি ছোট কারখানাকেও রাজ্যের অনুমতি নিতে হয়। এই অনুমোদন পেতেই তিন থেকে চার মাস সময় লেগে যায়। ফলে অকারণে শিল্প স্থাপনে বিলম্ব হয়। শিল্পোদ্যোক্তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে জেলায় জেলায় ক্ষুদ্র শিল্প দপ্তর আয়োজিত ‘সিনার্জি’ থেকে এই সমস্যার কথা রাজ্য সরকার জানতে পারে। একাধিক জেলায় শিল্প স্থাপনে আগ্রহী ব্যক্তি এবং সংস্থার কর্ণধাররা এই সমস্যা তুলে ধরেন। নড়েচড়ে বসে প্রশাসন। ক্ষুদ্রশিল্প দপ্তরের তরফে প্রশাসনের শীর্ষস্তরের নজরে আনা হয় বিষয়টি। এ ব্যাপারে জলসম্পদ ও উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয় ক্ষুদ্রশিল্প দপ্তরকে। দীর্ঘ আলোচনার পর পাঁচ হাজার লিটার পর্যন্ত জল উত্তোলনের ক্ষেত্রে কোনও অনুমোদনের দরকার নেই বলে নীতিগতভাবে সহমত হয় সব পক্ষ। ফলে আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ‘ইজ অব ডুইং বিজনেস’-এর অধীনে অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা চালু করে দিতে তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। তবে পান এবং পরিচ্ছন্নতা ছাড়া শিল্প সংক্রান্ত অন্যান্য কাজের জন্য ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমোদন নেওয়ার নিয়মে কোনও বদল আসছে না বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ