নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার মামলায় নোটিশ দিতে আজ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি মামলার পর এবার তাঁর নাম জড়াল ভোট প্রচারে উষ্কানিমূলক মামলাতেও। ফলাফল বের হওয়ার পরে ‘ডিজে বাজানোর’ বিষয়টি নিয়ে প্রথমে বাগুইআইটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তার তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। শেষে মামলার তদন্তভার আসে সিআইডির হাতে। এদিন দুপুর সাড়ে ৪টে নাগাদ অভিষেকের বাড়িতে যান সিআইডির-র আধিকারিকরা। ওই সময় অবশ্য বাড়িতে ছিলেন না অভিষেক। সূত্রের খবর, সিআইডির আসার কিছুক্ষণ আগেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সিআইডি আধিকারিকরা এলে বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, অভিষেক মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। শেষে কিছুক্ষণ অপেক্ষা করে নোটিশ দিতে না পেরেই ফিরে যান সিআইডি আধিকারিকরা। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ বাড়িতে ফেরেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বাড়িতে ঢুকে যান। তখন ফের আসেন সিআইডি আধিকারিকরা। বন্ধ গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। এরপর অভিষেকের অফিসের এক স্টাফের হাতে নোটিশ তুলে দেওয়া হয়। আগামী সপ্তাহেই অভিষেককে এই মামলায় তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, এই ঘটনার কিছু সময় পরেই অভিষেকের বাড়ির সামনে উপস্থিত হন তাঁর আইনজীবীরা। সিআইডি আসার বিষয়ে তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, এই বিষয়ে তাঁরা আপাতত কিছুই জানেন না। পুরো বিষয়টি জেনে পরে তাঁরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।



