সংবাদদাতা, কাটোয়া ও মানকর: বুধবার পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা অঞ্চলের পূর্ব আটপাড়া গ্রামে সিপিআইএমের পূর্বস্থলী-২ এরিয়া কমিটির উদ্যোগে একটি সভা হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, ২০০৪ সালে বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলায় ৩৫জন সাংসদ এবং সারা দেশ থেকে ৬১জন সাংসদ বামফ্রন্টের তরফে সংসদে গিয়েছিলেন। সেই সময় বিজেপিকে রুখতে কংগ্রেসকে সমর্থন করেছিল বামেরা। কংগ্রেসের তরফে মন্ত্রিত্ব কিংবা লালবাতির গাড়ি দেওয়ার প্রস্তাব এলেও বামফ্রন্ট তা প্রত্যাখ্যান করেছিল। বদলে তাঁরা দাবি করেছিলেন, দেশের গ্রামীণ এলাকায় ১০০ দিনের কাজ চালু করতে হবে। শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার আইন, আদিবাসীদের জন্য অরণ্যাধিকার আইন এবং তফসিলি মানুষদের জন্য সংরক্ষণ। কিন্তু এখন ভোটের আগে সাময়িকভাবে ১০০ দিনের কাজের নোটিফিকেশন জারি হয়। দু’-চার দিন পুকুর কাটা বা রাস্তার কাজ দেওয়া হয়। ভোট শেষ হলেই কাজ বন্ধ হয়ে যায়।



