‘পার্টনার নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়’: কৌশানী মুখোপাধ্যায়
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাংলা জি-ফাইভে সদ্য মুক্তি পেয়েছে অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া ১.৫ দ্য হান্ট কন্টিনিউজ’। তারই আড্ডায় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

Advertisement

• পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য রিয়েল লাইফ কোনো চরিত্র থেকে ম্যানারাজিম রপ্ত করেছেন?
আমার চরিত্র জয়িতা অত্যন্ত শক্তিশালী। কাজের ব্যাপারে খুব সিরিয়াস। অ্যাকশনে বিশ্বাসী। আমার এন্ট্রি শটে লেডি সিংহম দীপিকা পাড়ুকোনকে ফলো করেছিলাম। জিপ থেকে লাফানো, ফাইট সিকোয়েন্স যতটা স্টাইলাইজ ভাবে করা যায়, সেটা চেষ্টা করেছি।
• দীপিকাকে ফলো করেন?
দীপিকাকে দেখে আমি খুবই অনুপ্রাণিত। ওঁর সব কিছু ভালো লাগে। নিজেকে সকলের সামনে যেভাবে প্রেজেন্ট করেন, সেটা গুরুত্বপূর্ণ। ওঁর থেকে অনেক কিছু শেখার আছে। 
• দীপিকা আটঘণ্টা কাজের দাবি জানিয়েছেন, আপনি সহমত?
দেখুন, মুম্বইতে সেটা সম্ভব। ওখানে একদিনে একটা সিকুয়েন্স শ্যুট হয়। আর এখানে আমরা ১১-১২টা সিন একদিনে শ্যুট করি। আমাদের পরিকাঠামো ছোটো। বাংলার শিল্পীদের দক্ষতা আমাদের ছবিগুলো দেখলে বোঝা যায়। 
• ২০২৬ টলিউডের জন্য কেমন ছিল?
আগে বছরে ১০০টা ছবি হত। এখন ৬০-৭০টা হচ্ছে। পুজোয় যেমন বাংলার সব কটা ছবি ভালো চলেছে। এখন আবার কোন ছবি দর্শক গ্রহণ করবেন, কোনটা করবেন না, অনুমান করা কঠিন।
• পরের কাজ কবে আসছে? 
এখন আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। ভাবি, বছরে দুটো ছবি করব। কিন্তু ছাপ রেখে যাব। তিনটে চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা চলছে। 
• বন্ধুর বিয়ে তো সামনে...
হ্যাঁ, নেমন্তন্ন পেয়েছি। এটা তো বিয়েরই সিজন।
• আপনার কবে বিয়ে? 
(হাসি)... 
• বনিকেই কি বিয়ে করছেন? এটাও দর্শকের প্রশ্ন...
হা হা হা...। আমি সম্পর্কের বিষয় কিছুই লুকোইনি। ফলে পার্টনার নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। কাজ নিয়ে আমি অনেক বেশি ফোকাসড এখন। বিয়ে করলে জীবনের ডায়নামিক্স বদলে যাবে। তাই এখনই ভাবছি না।
স্বরলিপি ভট্টাচার্য