সংবাদদাতা, বোলপুর: বিরোধীদের তরফে কোনো মনোনয়ন জমা পড়ল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৯টি আসনেই জয়ী হল বিজেপি সমর্থিত ভারতীয় রাষ্ট্রবাদী সমাজ। আগামী ১৭ডিসেম্বর এই সমবায়ের নির্বাচন হওয়ার কথা ছিল। মঙ্গল ও বুধবার ছিল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রবাদী সমাজের প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি। ফলে ভোট ছাড়াই সমবায়ের দখল নিল ওই সংগঠন।
ভারতীয় রাষ্ট্রবাদী সমাজের সভাপতি অধ্যাপক বিপ্লব লোহচৌধুরী বলেন, আগামী বছর রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই সমবায়ের ১০০বছর পূর্ণ হবে। তার আগে সমবায়ের ঐতিহ্য সারা দেশের মানুষের কাছে তুলে ধরা হবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত অংশীদাররা এবার তাঁদের প্রাপ্য সুবিধা পাবেন। আগের পরিচালন সমিতির বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ থাকলে অডিটের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে। আগামী ২৭ নভেম্বর বিজয়উৎসব পালন করা হবে বলেও জানান তিনি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ মিশ্র বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় রাষ্ট্রবাদী সমাজের জয়ে আমরা খুশি। আশা করছি আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কবিগুরুর প্রতিষ্ঠিত এই সমবায় পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বিশ্বভারতীর এই সমবায়ে পরিচালন সমিতি ছিল না। ফলে একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকেছিল। বঞ্চিত হচ্ছিলেন অংশীদাররা। নির্বাচন না হওয়ায় একাধিকবার বিক্ষোভ ও আন্দোলনে সরব হয়েছিলেন সদস্যরা। চলতি বছরও নির্বাচনের দিন ঘোষণা করা হলেও পর্যাপ্ত পুলিশ বাহিনী না পাওয়ার কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এরপর ফের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে সমবায় কর্তৃপক্ষ।



