ভূবনেশ্বর, ৫ অক্টোবর: মদের নেশা থেকে অপরাধ, হিংসা, পারিবারিক ঝামেলা- মাদকাসক্তির এই চক্র ভাঙতে এবার আরও কড়া অবস্থানে ওড়িশা সরকার। আগামী তিন বছর রাজ্যে কোনো নতুন মদের দোকান খোলা যাবেনা বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। একই সঙ্গে মদ থেকে শুরু করে গাঁজা, আফিমের বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি আরও কঠোর ভাবে কার্যকর করার নির্দেশ দিলেন তিনি।
রবিবার পুলিশ কমিশনারেট আয়োজিত জনসচেতনতামূলক কর্মসূচি ‘জীবন জিন্দাবাদ-২.০’-এ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, তার প্রভাব পড়ে পরিবার ও গোটা সমাজের উপরও। সেখানেই তিনি ঘোষণা করেন, 'আগামী তিন বছর ওড়িশায় কোনও নতুন মদের দোকান খোলা হবে না।' তাঁর আরও দাবি, মদ্যপানের কারণে প্রতি বছর ২.৬০ লক্ষ থেকে ২.৮০ লক্ষ মানুষের মৃত্যু হয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে মৃত্যুর ক্ষেত্রে ওড়িশার অবস্থান দ্বিতীয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ ও আবগারি প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু মদের বিরুদ্ধে অভিযান নয়, গাঁজা, আফিম এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের বিক্রি ও পাচারের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অবৈধ মদ ব্যবসা এবং ভেজাল মদের কারবার বন্ধ করতেও স্থানীয় প্রশাসনকে দায়বদ্ধ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তামাক ও নিকোটিনযুক্ত পানমশলা এবং গুটখার উৎপাদন ও বিক্রিও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে রাজ্যে। পাশাপাশি স্কুল ও কলেজ চত্বরকে ‘সাবস্ট্যান্স-ফ্রি জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।