নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের ‘অপ্রকাশিত’ বই নিয়ে বিতর্ক চলছে। নারাভানের লেখা ‘ফোর স্টারস অব ডেস্টিনি’-কে হাতিয়ার করে ইতিমধ্যে সংসদে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদিকে অস্বস্তিতে ফেলতে একের পর এক ঘুঁটি সাজাতেও শুরু করেছেন। এরইমাঝে সামনে এসেছে একটি খবর। সূত্র মারফত জানা গিয়েছে, এখন থেকে নতুন বিধি আনতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। এক্ষেত্রে বই লেখার আগে সরকারের থেকে অনুমতি নিতে হবে সামরিক কর্তাদের। তা নিয়ে জলঘোলা শুরু হতেই শুক্রবার মুখ খুললেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তাঁর সাফ জবাব, ‘এই বিষয়টি নিয়ে একেবারেই অবগত নই। নতুন কোনো গাইডলাইন বা বিধি তৈরির প্রয়োজন নেই। কারণ এই সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে বোঝাপড়া করার জন্য সরকারি গোপনীয়তা আইন সহ একাধিক সুনির্দিষ্ট আইন রয়েছে। এখানে গাইডলাইন তৈরি করাটা মূল বিষয় নয়। আইনকে ফাঁকি দিয়ে কেউ কোনো কাজ করেছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। উল্লেখ্য, নারাভানের বই নিয়ে বুধবার প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। প্রকাশনা সংস্থার লোকজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।



