নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৃশংস খুন-ধর্ষণের শিকার মেয়ের জন্য ন্যায়বিচারের দাবি আদায়, নাকি সেই দাবিকে হাতিয়ার করে রাজনীতির রুটি সেঁকা, অভয়ার বাবা-মায়ের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছিল বিভিন্ন মহল। শনিবার বিজেপি’র নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে যা হল, তাতে এই প্রকৃত উদ্দেশ্য নিয়ে আরও বড়সড় প্রশ্ন উঠল।
মিছিলে অভয়ার মাকে মারধর করা হয়েছে, পুলিস তাঁর কপালে মেরেছে এমন অভিযোগ রাজ্য বিজেপি’র ছোট, বড় আর ন্যাড়া নেতাদের। অভয়ার মা’ও অভিযোগ করেন, তাঁকে পুলিস মারধর করেছে। দুপুরে নবান্ন অভিযান থেকেই অভয়ার মা সহ কয়েকজন বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান। ওয়াকিবহাল মহলের মতে, তাঁকে সেখানে ভর্তি করতে পারলে, রাজনীতির নয়া অধ্যায় শুরু করার মতলব ছিল অনেকের। কিন্তু ঘোলা জলে মাছ ধরা হল না। অভয়ার মা বাদে বাকিদের আউটডোরে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে ইমার্জেন্সিতে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক পর্যবেক্ষণ করেন অভয়ার মাকে। বিস্তারিত টেস্টও করা হয়। তারপর রাত ৯টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়ে দেয়, বাড়িতেই চিকিৎসা হতে পারে তাঁর। শারীরিক সমস্ত সূচকই স্থিতিশীল আছে।