সংবাদদাতা,নাগরাকাটা: মাল ব্লকের ডামডিমে নেওড়া নদীর চরে হাতির ‘সঙ্গিনী’ দখলের লড়াই দেখল বাসিন্দারা। বনকর্মী এবং স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে লাটাগুড়ি বনাঞ্চল থেকে একটি হাতির দল নেওড়া নদী পেরিয়ে নেপুছাপুর, বেদগুড়ি এবং ডামডিম বাগানে আসে। সেখান থেকে ওই দলটি আপালচাঁদ বনাঞ্চলের পথে রওনা হয়। বেলা বাড়তেই ওই হাতির দলটি পশ্চিম ডামডিম এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হাতি দেখতে ভিড় জমায় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মাল বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা। তাঁরা হাতির দলটিকে তাড়িয়ে বনের দিকে নিয়ে যেতে শুরু করেন।
Advertisement
পড়ন্ত বিকেলে হঠাৎ স্থানীয় লোকজন এবং বনকর্মীরা দেখতে পান দল থেকে বেরিয়ে এসে দু’টি হাতি নদীর চরে লড়াইয়ের ময়দানে নেমেছে। দুই গজরাজের হুঙ্কারে আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে। একদিকে দাঁতাল, অন্যদিকে মাকানা হাতির পরস্পরের দ্বৈরথে ধুলো ওড়ে। বেশ কিছুক্ষণ চলে সেই লড়াই। এরপর হাতি দু’টি বনের পথে ফিরে যায়।



