নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিধ্বস্ত হয়েছিল উত্তর সিকিম। আটকে পড়েছিলেন বহু পর্যটক। গত কয়েকদিন ধরে লাগাতার তাঁদের উদ্ধার করতে পরিশ্রম করে চলছিল সিকিম প্রশাসন। অবশেষে সেই কাজ সম্পন্ন হল। উত্তর সিকিমে আর কোনও পর্যটক আটকে নেই বলে জানানো হল সিকিম প্রশাসনের তরফে।
আজ শুক্রবার, ছাতেন থেকে মোট ৬৩ জনকে আকাশপথে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭ জন স্থানীয় বাসিন্দা। বিপর্যয়ের কারণে অসুরক্ষিত হয়ে পড়েছিলেন তাঁরা। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ সফল ভাবে শেষ হলেও নিখোঁজ ৬ সেনা জওয়ান ও আট পর্যটকের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
এই পর্যটকদের উদ্ধারের পর কপ্টারের সাহায্যে উদ্ধার কাজ আজকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল ফের পাকিয়ং বিমানবন্দর থেকে কপ্টারের সাহায্যে ছাতেনে ত্রাণ সামগ্রী ও জরুরি সরঞ্জাম পাঠানো হবে বলে জানানো হয়েছে সিকিম প্রশাসনের তরফে।