নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শহর যানজটমুক্ত করতে কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আরামবাগ সংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু। মঙ্গলবার আরামবাগের নেতাজি স্কয়ারে শ্রমিক সংগঠনের উদ্যোগে টোটো ইউনিয়ন নিয়ে বর্ধিত সভা হয়। সভায় যোগ দিয়ে উত্তমবাবু বলেন, এক মালিক এক টোটো। এক মালিকের তিনটি টোটো চললে সঙ্ঘবদ্ধ হয়ে চলাচল আটকে দিন। তারজন্য যতদূর যেতে হয় প্রয়োজনে যাব। তিনি আরও বলেন, শহরে যা টোটো চলছে সেখানেই শেষ করুন। নতুন করে আর কোনও টোটো রাস্তায় নামতে দেবেন না। চালক রেখে টোটো চালাতে দেবেন না। অনেক শিক্ষিত যুবক টোটো চালিয়ে উপার্জন করছেন। তাই কারও রুজিরুটিতে যেন প্রভাব না পড়ে তা আমাদের দেখতে হবে। কিন্তু কিছু নিয়ম মেনে চালাতে হবে।
তিনি চালকদের উদ্দেশে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এনেছেন। যাঁরা এখনও নাম নথিভুক্ত করাননি, তাঁরা তা করে নিন। প্রয়োজনে শিবির করে তার ব্যবস্থা করা হোক। এই প্রকল্পে সরকার আপনাদের হয়ে প্রিমিয়াম দিচ্ছে। শ্রমিকের কোনও অঘটন ঘটলে ক্ষতিপূরণ দেয় সরকার। ছেলেমেয়ের উচ্চশিক্ষার জন্যও সাহায্য করে।
তৃণমূল নেতাদের অনেকেই বলছেন, বিভিন্ন জায়গায় একশ্রেণির ব্যক্তি একাধিক টোটো কিনে রাস্তায় নামিয়েছেন। এরজন্য তাঁরা পৃথক চালক রেখেছেন। তারফলে শহরে ব্যাপক হারে টোটো বেড়ে গিয়েছে। রাস্তায় যানজটও বাড়ছে। দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। তাই টোটো নিয়ন্ত্রণে আনতে এবার সরব হয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারাও।
শ্রমিক সংগঠনের আরামবাগ শহর সভাপতি সফিকুল আলম বলেন, আরামবাগ শহরে ওয়ার্ডভিত্তিক টোটো চলাচল নিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। তা দেখার জন্য সংগঠনের কর্মীরাই দায়িত্বে থাকবেন। এদিনের বর্ধিত সভায় অনেক টোটোচালক আমাদের সংগঠনে যোগ দিয়েছেন। সভায় ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, দলের চেয়ারম্যান স্বপন নন্দী, শহর সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অনেকেই।