Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রশাসনিক অনুমোদন না আসায় ছাড়া হয়নি টাকা, ১৫০ রাস্তা সংস্কার আটকে

টেন্ডার হয়ে গেলেও আসেনি প্রশাসনিক অনুমোদন। তাই টাকাও ছাড়া যায়নি। ফলে রাজপুর সোনারপুর পুরসভার প্রায় ১৫০ রাস্তা সংস্কারের কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করা যাচ্ছে না।

প্রশাসনিক অনুমোদন না আসায় ছাড়া হয়নি টাকা, ১৫০ রাস্তা সংস্কার আটকে
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টেন্ডার হয়ে গেলেও আসেনি প্রশাসনিক অনুমোদন। তাই টাকাও ছাড়া যায়নি। ফলে রাজপুর সোনারপুর পুরসভার প্রায় ১৫০ রাস্তা সংস্কারের কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করা যাচ্ছে না। তৃণমূল আমলে রাস্তার যে টাকা পুরসভা পেয়েছিল, সেই অনুসারে খরচ হয়নি বলেই অভিযোগ পুর ও নগরোন্নয়ন দপ্তরের। তাই এবারে রাস্তা মেরামত কাজের অনুমোদন দিতে সাবধানী তারা। এদিকে পুজো সামনে। এখনই কাজ শুরু না করা গেলে সমস্যার আশঙ্কা রয়েছে। তবে সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর এই নিয়ে আলোচনা করেছেন সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে। তিনি আশা করছেন, তাড়াতাড়ি অনুমোদন আসবে।

Advertisement

এই পুরসভার বেশিরভাগ রাস্তার হাল বেশ খারাপ। পালাবদলের পর থেকেই সড়ক নির্মাণ থেকে সারাই, সব খাতে টাকা বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি কতগুলি রাস্তা মেরামত হবে, তার জন্য কত খরচ, তার হিসাব করে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 
সূত্রের খবর ৭২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার একটি অংশের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগেরই হয়নি। দপ্তর সেইসব ফাইল ফের যাচাই করছে বলে জানা গিয়েছে। বিধায়ক বলেন, মন্ত্রীর কাছে ফাইল গিয়েছে। আমি নিজেও কথা বলেছি। এই ব্যাপারে তদবির করছি। ওরা একটু সময় নিয়ে সব দেখে নিতে চাইছে। আশা করছি দ্রুত টাকা ছেড়ে দেবে দপ্তর। তবে রাস্তার কাজ না হওয়ার ফলে সমস্যা হচ্ছে, সেটা স্বীকারও করেছেন তিনি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি ওয়ার্ডে কম করে পাঁচ-ছয়টি করে রাস্তা আছেই, যেগুলি আপৎকালীন পরিস্থিতিতে মেরামত না করলেই নয়। যেমন নরেন্দ্রপুর থেকে বিবেকানন্দ সরণি, বাইপাস থেকে চৌহাটি সংযোগকারী রাস্তা প্রভৃতির হাল বেশ খারাপ। 
এছাড়াও পথশ্রী প্রকল্পের কিছু রাস্তার কাজ হচ্ছে। কিন্তু সেগুলির ক্ষেত্রে কাজের গতি খুব আস্তে বলে অভিযোগ। কারণ একেকজন ঠিকাদার প্রচুর রাস্তার কাজ  নিয়ে বসে আছেন। বিধায়ক অবশ্য জানিয়েছেন, দ্রুত সব কাজ শেষ করতেই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ