Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোনও চোট নেই, বাদ পড়ে বিস্ফোরক নেইমার

কোনও চোট নেই, বাদ পড়ে বিস্ফোরক নেইমার
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: গত বছর অক্টোবরে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। তারপর চোটের কারণে বারবার ব্রাত্যই থাকতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। আসন্ন দু’টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও তাঁকে বাদ দিয়েই দল বেছে নেন কোচ কার্লো আনসেলোত্তি। এবারও সেই চোটকেই কারণ হিসেবে তুলে ধরেছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। আর তাতেই বেজায় চটেছেন নেইমার। এদিন তাঁর কথার বিস্ফোরণ, ‘আমার কোনও চোট নেই। ভাস্কো দা গামার বিরুদ্ধে ম্যাচে পেশিতে হাল্কা টান ধরেছিল। সেটা এমন কোনও গুরুতর নয়। তেমনটা হলে বাহিয়া বা ফ্লুমিনিজের বিরুদ্ধে খেলতে পারতাম না। তাই চোটের কারণে আমাকে দলে না রাখার মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। অবশ্য কোচ যদি টেকনিক্যাল কারণে বাদ দিয়ে থাকেন, তাহলে তা সামনে থেকে বলা উচিত।’

Advertisement

এই মন্তব্যের পর থেকেই ব্রাজিল ফুটবলে দানা বাঁধছে নতুন বিতর্ক। অনেকেই নেইমার ও আনসেলোত্তির এই দ্বন্দ্বের মধ্যে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার চিরকালীন বৈরিতা খুঁজে পাচ্ছেন। আসলে স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে থাকাকালীন এল ক্লাসিকোর আগে বেশ কয়েকবার নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ইতালিয়ান কোচ। এমনকী, ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর রিয়ালে খেলা ফুটবলারদের বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আর তা মেনে নিতে পারছেন না নেইমার। 
২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেকে প্রস্তুতি করছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেই লক্ষ্যে আল হিলালের বিপুল অর্থের চুক্তি ভেঙে ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দেন তিনি। স্বদেশি ক্লাবটির হয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছিলেন ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’। আশা ছিল, বিশ্বকাপের বাছাই পর্বের শেষ দু’টি ম্যাচে দলে ফিরবেন তিনি। তবে তাঁকে বাদ দিয়েই কোচ আনসেলোত্তি দল ঘোষণা করতেই বিদ্রোহের পথ বেছে নিলেন নেইমার।

Advertisement
সম্পর্কিত সংবাদ