মুম্বই: ভারতের একদিনের দলে জায়গা পেলেন না ঋষভ পন্থ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত হল ১৫ জনের স্কোয়াড। তাতে নেই পন্থ। সেই দলে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রয়েছেন ধ্রুব জুরেল। হার্দিক পান্ডিয়াও নেই দলে। সেন্টার অব এক্সেলেন্স থেকে তিনি ফিটনেস ক্লিয়ারেন্স পাননি। শ্রেয়স আয়ার যেহেতু এশিয়ান গেমসে নেতৃত্ব দেবেন ভারতকে, তাই ভাইস-ক্যাপ্টেন হয়েছেন লোকেশ রাহুল। তিনিই দলের একনম্বর কিপার। স্কোয়াডে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই সিনিয়র। পাশাপাশি এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে নীতীশ কুমার রেড্ডিকে ঢোকানো হয়েছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই দলে। নমন ধীর ও আকিব নবি আবার প্রথমবার এসেছেন একদিনের স্কোয়াডে। এছাড়াও এদিন ঘোষিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল। এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা যশপ্রীত বুমরাহকে ওই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
এদিকে, জাপানের বিরুদ্ধে টি-২০ ম্যাচ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। পেশিতে টানের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে আগেই সরে দাঁড়ান তিনি। চোট এখনো সারেনি। বরুণের পরিবর্ত হিসাবে দলে এসেছেন বিপরাজ নিগম। তবে প্রথম এগারোয় থাকার সম্ভাবনা বেশি অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোইয়ের।
ইরানি কাপের জন্য অবশিষ্ট ভারতের স্কোয়াডও বেছে নিয়েছেন অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকরা। এই দলের নেতৃত্বে ঋষভ পন্থ। স্কোয়াডে আছেন মানব সুথার, সরফরাজ খান, সুদীপ ঘরামি, সারাংশ জৈন, মুকেশ কুমাররা। আকাশদীপও রয়েছেন স্কোয়াডে। তবে তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।



