Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিচারপতি ভার্মার বিরুদ্ধে এখনই এফআইআর নয়

বিচারপতি যশোবন্ত ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হোলির দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাসভবনে আগুন লাগে।

বিচারপতি ভার্মার বিরুদ্ধে এখনই এফআইআর নয়
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিচারপতি যশোবন্ত ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হোলির দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাসভবনে আগুন লাগে। আগুন নেভানোর সময় সেখান থেকে বিপুল টাকা উদ্ধার ঘিরে হইচই শুরু হয়। আপাতত সমস্ত বিচার প্রক্রিয়া থেকে থেকে বিচারপতি ভার্মাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন দুই আইনজীবী ম্যাথিউজ নেদুমপারা ও হেমালি সুরেশ কুরনে। তাঁরা দাবি করেন, টাকা উদ্ধারের পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ওই বিচারপতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভ্যন্তরীণ প্যানেল কোনও তদন্তকারী সংস্থার বিকল্প হতে পারে না। তদন্ত করা আদালতের কাজ নয়, এটা পুলিসের হাতেই ছেড়ে দেওয়া উচিত।

Advertisement

কিন্তু শুক্রবার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইতিমধ্যেই বিচারপতি ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্যানেল গঠন করেছেন। ওই প্যানেল তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার পরই এফআইআর দায়ের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ বলেছে, ‘অভ্যন্তরীণ তদন্ত চলছে। যদি রিপোর্টে দেখা যায়, সত্যিই কোনও অপরাধ হয়েছে তাহলে এফআইআর দায়ের হতে পারে বা বিষয়টি সংসদে পাঠানো হতে পারে। এখনই রিট পিটিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া সময়োচিত হবে না। রিপোর্ট জমা পড়ার পর সমস্ত পথই খোলা থাকছে।’
এদিনই বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নোটিস জারি করেছে আইন মন্ত্রক। বিচারপতি ভার্মাকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কিন্তু এই নিয়ে আপত্তি তুলেছিল এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। কিন্তু কলেজিয়াম তাদের সিদ্ধান্তে অনড় ছিল। এরপরই বদলির নোটিস জারি করল কেন্দ্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ