নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কামাহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের পেল্লায় বাড়ি ভাঙতে আরও সময় চাই। এমনই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কামারহাটি পুরসভা। কিন্তু বৃহস্পতিবার পুরসভার এহেন আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। শুধু তাই-ই নয়, আরও সময় চাওয়ায় ধমকও খেতে হয়েছে পুরসভাকে। সম্প্রতি জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল আট সপ্তাহের মধ্যে ওই বাড়ির গোটাটা ভেঙে ফেলতে হবে। এরপর এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুরসভা জানায়, জয়ন্তর বাড়িটি অনেক বড়। সেটি ভাঙতে আরও কিছুটা সময় চাই। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘আগে আপনারা দেখান যে, আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন। তারপর বলুন বাড়ি ভাঙতে আরও দু’সপ্তাহ বেশি সময় লাগবে। আগে কিছু তো পদক্ষেপ করুন। তারপর সময় চাইবেন। অন্তত দুটো তলা ভেঙে আসুন।’ গত বছর এক ব্যক্তিকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধরের ঘটনায় শিরোনামে উঠে আসে জয়ন্ত ওরফে জায়ান্ট। অন্যান্য অভিযোগের পাশাপাশি জয়ন্তর বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি ডোবা ভরাট করে প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন তিনি। এই বেআইনি নির্মাণ নিয়ে তদন্ত শুরু করে পুরসভা। সংশ্লিষ্ট জমিটির মালিকানা জয়ন্তের কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। বেআইনি নির্মাণ নিয়ে জয়ন্তকে নোটিসও পাঠিয়েছিল পুর কর্তৃপক্ষ। শেষমেশ সেটি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট।



