Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চাঁদার জুলুম চলবে না, কলকাতার সমস্ত থানার ওসিকে বার্তা সিপির, মুখ্যমন্ত্রীর নির্দেশ

চাঁদার জুলুম নিয়ে অভিযোগ এলেই কড়া হাতে মোকাবিলা করতে হবে। পুজোর মরশুম শুরুর মুখে কলকাতার সমস্ত থানার ওসিকে এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা।

চাঁদার জুলুম চলবে না, কলকাতার  সমস্ত থানার ওসিকে বার্তা সিপির, মুখ্যমন্ত্রীর নির্দেশ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাঁদার জুলুম নিয়ে অভিযোগ এলেই কড়া হাতে মোকাবিলা করতে হবে। পুজোর মরশুম শুরুর মুখে কলকাতার সমস্ত থানার ওসিকে এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। বুধবার ভিডিয়ো কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। 

Advertisement

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, বুধবার সন্ধ্যায় প্রায় মিনিট চল্লিশের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ওসিদের উদ্দেশে সিপি বলেন, ‘জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাঁদা নিয়ে জুলুমবাজি বরদাস্ত করতে রাজি নন। চাঁদা নিয়ে অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে।’ 
এরজন্য লালবাজার কন্ট্রোল রুমে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। হেল্পলাইন নম্বরটি হল, ১৮০০-৩৪৫-৫৬৭৮। নম্বরটিতে চাঁদা নিয়ে অভিযোগ জানাতে পারবেন কলকাতার বাসিন্দারা। পাশাপাশি, লালবাজার একটি হোয়াটসঅ্যাপ নম্বর (৯৪৩২৬-২৪৩৬৫) চালু করেছে। ফলে শহরবাসী চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদার অভিযোগ জানাতে পারবেন। 
পাশাপাশি, এদিনের এই ভিডিয়ো কনফারেন্সে সিপি জানিয়েছেন, পুজোর প্রস্তুতি নিয়ে দফায় দফায় পুজো কমিটির সঙ্গে থানা লেভেলে মিটিং করতে হবে। আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেনে অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ৫টি বড়ো পুজোর উদ্ধোধন করার কথা রয়েছে। সে বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। কলকাতা শহরের নামী পুজো প্যান্ডেলগুলিতে মিসিং শিশুদের জন্য কিয়স্ক তৈরি করে প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন।  দুর্গাপুজোর সময় প্যান্ডেলে বিপুল জনসমাগম ঘটে। এই ভিড়কে প্রচারের কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন সিপি। কলকাতার বড়ো ও নামী পুজো প্যান্ডেলে কলকাতা পুলিশের সাইবার, ব্যাংক ফ্রড, মহিলা হেল্পলাইন নম্বর সহ প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ