মদ্যপ অবস্থায় বাইক চালালে রেয়াত নয়, হুঁশিয়ারি পুলিশের
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মদ্যপ অবস্থায় বাইক চালালে রেয়াত করা হবে না বলে বাঁকুড়া জেলা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে। বাঁকুড়া শহর সহ জেলাজুড়ে কালীপুজোর রাতে পুলিশ কড়া নজরদারি চালায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয় বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের সহ আধিকারিক বলেন, কালীপুজোর রাতে আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি। মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মদ্যপান করার পর চালকের আসনে না বসার জন্য অনুরোধ করা হচ্ছে। এর অন্যথা হলে আমরা কড়া ব্যবস্থা নেব।

Advertisement

কালীপুজোর রাতে বাঁকুড়া শহর সহ জেলার বিভিন্ন জায়গায় থানা ও ট্রাফিক পুলিশ চেকিং করে। মেশিনের সাহায্যে বাইক সহ অন্যান্য যানবাহনের চালকদের শ্বাস পরীক্ষা করা হয়। কয়েকজনকে মদ্যপ অবস্থায় শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের জরিমানা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে বিষ্ণুপুর মহকুমাজুড়ে পথ নিরাপত্তা বিষয়ে নানা সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। তাতে র‌্যালির মাধ্যমে হেলমেট পরে বাইক চালানো যেমন বাধ্যতামূলক হিসাবে বলা হয়েছে। পথনাটিকার মাধ্যমে দুর্ঘটনার দৃশ্য তুলে ধরা হয়েছে। তেমনই বিভিন্ন সভার মাধ্যমে রাফ ড্রাইভিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপে এব্যাপারে সচেতনতামূলক ফেস্টুন টাঙানো হয়েছে। তাতে এবারে রাফ ড্রাইভিং তুলনামূলক কমেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা বলেন, পথ নিরাপত্তা আইন ভাঙলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সচেতনতামূলক কর্মসূচিতে বহু সাধারণ মানুষ সরাসরি অংশ নিয়েছে। এটা ভালো লক্ষণ।
কালীপুজোর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। জেলাজুড়ে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া সদর ট্রাফিক গার্ডের অভিযানে পাঁচজন এবং হাতুয়াড়া ট্রাফিক গার্ডের অভিযানে তিনজনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট আটজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসবের রাতে পথ দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ। উৎসবের মরশুমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ।