Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সবুজ ধ্বংস নয়, আস্ত গাছ অক্ষত রেখেই নয়া ফুটপাত

নিউটাউন শহরে গাছ অক্ষত রেখে ফুটপাত বাঁধানোর কাজ শুরু হয়েছে। এনকেডিএর উদ্যোগে সবুজ রক্ষার চেষ্টা। বিস্তারিত পড়ুন।

সবুজ ধ্বংস নয়, আস্ত গাছ অক্ষত রেখেই নয়া ফুটপাত
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শহরজুড়ে বাড়ছে ‘কংক্রিটের জঙ্গল’। দিন দিন কমছে সবুজ। তাই এবার রাজ্যজুড়েই বৃক্ষরোপণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবছর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ১০ কোটি চারাগাছ বসানোর বার্তা দিয়েছেন। নিউটাউনে আগে জলা-জঙ্গল, মাঠ থাকলেও এখন চোখ মেললেই পরপর আবাসন। তাই সবুজ ধ্বংস নয়, যেখানে গাছ রয়েছে সেই গাছের যত্ন নেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে বড়ো আস্ত গাছ অক্ষত রেখে নিউটাউন শহরে ফুটপাত বাঁধানোর কাজ হয়েছে। জানা গিয়েছে, নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি (এনকেডিএ) এই উদ্যোগ নিয়েছে। শহরের বাসিন্দারা এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। নিউটাউন শহরে সবুজ বাঁচানোর উদ্যোগ অনেক আগে থেকেই নিয়েছে এনকেডিএ। শহরের ভিতর একাধিক গ্রিন ভার্জ তৈরি করা হয়েছে যাতে কংক্রিটের জঙ্গল ছেড়ে বাসিন্দারা একটু বুক ভরে শ্বাস নিতে পারেন। নিউটাউন থানার সামনে এখন ফুটপাত বাঁধানোর কাজ শুরু হয়েছে। থানার মূল প্রবেশপথের দু’পাশে বড়ো বড়ো শিরিষ সহ নানা ধরনের গাছ রয়েছে। ফুটপাত তৈরি করতে গেলে গাছগুলি কেটে তৈরি করতে হত। তাতে অনেকগুলি গাছ কাটা পড়ত। জানা গিয়েছে ওই গাছগুলিকে বাঁচিয়ে কীভাবে ফুটপাত তৈরি করা যায় এনকেডিএ কর্তৃপক্ষ তার পূর্ণাঙ্গ পরিকল্পনা করে। তারপর কাজ শুরু হয়েছে। গাছ অক্ষত রেখে প্রথমে মাটি পরীক্ষা করা হয়েছে। তার উপর পাতা হয়েছে ইট। গাছের গুঁড়ির চারপাশে ইট পাতা হয়েছে। গোড়ার অংশ একটু ছেড়ে রাখা। যাতে গাছের গোড়ায় জল যায় এবং ভবিষ্যতে গাছের গুঁড়ি মোটা হলেও ফুটপাতে ফাটল না ধরে। জানা গিয়েছে, শুধু ওই থানা এলাকা নয় অন্য জায়গাতেও এই ধরনের কাজ চলছে। ভবিষ্যতেও এই ধরনের ফুটপাত বাঁধানোর ক্ষেত্রে যাতে গাছকে বাঁচিয়ে করা হয়, তারও উদ্যোগ নেওয়া হবে। পরিমল মুখোপাধ্যায় নামে এক বাসিন্দা বলেন, এনকেডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা চাই সবাই এভাবে গাছের যত্ন নিক। তাহলে শহরে সবুজ অক্ষত থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ