Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের বিকল্প জেটি চালু নিয়ে হয়নি সিদ্ধান্ত

নুরপুর থেকে গাদিয়াড়া ও গেঁওখালি যাওয়ার ফেরি সার্ভিস বন্ধ থাকার ফলে যাত্রীদের ভোগান্তি অব্যাহত।

দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের বিকল্প জেটি চালু নিয়ে হয়নি সিদ্ধান্ত
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নুরপুর থেকে গাদিয়াড়া ও গেঁওখালি যাওয়ার ফেরি সার্ভিস বন্ধ থাকার ফলে যাত্রীদের ভোগান্তি অব্যাহত। কবে চালু হবে স্বাভাবিক পরিষেবা, সেটা নিয়ে আজ, বৃহস্পতিবারও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। এদিকে, দ্বিগুণের বেশি টাকা দিয়ে এখন যাতায়াত করছেন যাত্রীরা। আগে যেখানে নুরপুর থেকে ২০ টাকায় এপার-ওপার করা যেত, সেখানে সেই খরচ প্রায় ৬০ টাকায় গিয়ে ঠেকেছে। কারণ ঘুরপথে একাধিকবার নৌকা পাল্টে যাতায়াত করতে হচ্ছে।

Advertisement

কয়েকজন যাত্রী বলেন, এখন গাদিয়াড়া থেকে ডায়মন্ডহারবার যেতে অন্তত তিনবার নৌকা পাল্টাতে হচ্ছে। রোজ যদি এভাবে যেতে-আসতে হয়, তাহলে সমস্যা হবে। দ্রুত বিকল্প জেটি তৈরি করে পরিষেবা চালু করার দাবি জানান ওই নিত্যযাত্রীরা।
এদিকে, এদিন পোর্ট ট্রাস্ট, পরিবহণ এবং সেচদপ্তরের আধিকারিকরা নুরপুর জেটিঘাট পরিদর্শন করেন। পোর্ট ট্রাস্টের যে জেটি রয়েছে, সেখান থেকে লঞ্চ চালানো যায় কি না, সেটা সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা। কিন্তু এখনই যে সেটা ব্যবহার করা যাবে, এমন কোনও আশার কথা শোনা যায়নি। সূত্রের খবর, নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখে ওই দুটি দপ্তর আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তার জন্য আরও কিছুদিন লেগে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, ধসে বিপর্যস্ত জেটিঘাট সংলগ্ন রাস্তা মেরামতির কাজ চলছে জোরকদমে। বালি ভর্তি বস্তা ফেলে প্রাথমিক কাজ করছে সেচদপ্তর। রাস্তাটিকে আগের চেহারায় আনতে ৭-১০ দিন লেগে যাবে বলে অনুমান আধিকারিকদের। ধসে জেটিঘাটের পাশে দুটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই দোকান মালিকদের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তৃণমুল কংগ্রেসের ডায়মন্ডহারবার ২ ব্লকের সভাপতি অরুময় গায়েন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ