নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবছর প্রথম দুর্গাপুজো। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করেও বিজেপির অন্দরে প্রবল কোন্দলের আশঙ্কা করছে শীর্ষ নেতৃত্ব। পদ্মশিবিরের শীর্ষ নেতারা মনে করছেন, পুজোর উদ্বোধনকে কেন্দ্র করেও দলের অন্দরে প্রবল বিতণ্ডা শুরু হতে পারে। এপ্রেক্ষিতে তাই আগাম সতর্কতা অবলম্বন করতে চাইছে বিজেপি।
জানা যাচ্ছে, রাজ্যের শাসক দল এবং সরকারকে আগেভাগেই সাবধান করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মৌখিকভাবে কিছু নির্দেশিকা পাঠিয়েছে। সেই নির্দেশিকার সারমর্মই হল, বাংলায় দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে নতুন করে কোনো কোন্দল যেন নিজেদের মধ্যে শুরু না হয়। এক্ষেত্রেও রাজ্যের শাসক দল এবং সরকারকে মিলেমিশেই কাজ করতে হবে। উদ্বোধনকে কেন্দ্র করে কোনো ভুল বার্তা যেন সাধারণ মানুষের মধ্যে না যায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এহেন বার্তাকে স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াবিহাল মহল। কেন এই আশঙ্কা? বিজেপি সূত্রে জানানো হয়েছে, বাংলায় ক্ষমতায় আসার পর এটি প্রথম দুর্গাপুজো। এর ফলে দল এবং সরকারের সঙ্গে যুক্ত প্রত্যেকেই চাইবেন যাতে, পুজো উদ্বোধনে তাদের প্রাধান্যই বেশি থাকে। এমনকি পুজোর আয়োজনে কর্তৃত্ব ফলানোর ক্ষেত্রেও সকলেই অগ্রাধিকার পেতে চাইবেন। এমন যে হতে পারে, তা আগাম আঁচ করছে কেন্দ্রীয় বিজেপি। আর প্রধানত সেই কারণেই সাবধানতা অবলম্বন করা হচ্ছে।
বিজেপির শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, এবছর সম্ভবত কোনো দুর্গাপুজোরই উদ্বোধন করবেন না বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অন্তত নিজের ঘনিষ্ঠমহলে তিনি তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন বলে দলীয় সূত্রেই দাবি করা হয়েছে।
পদ্মশিবিরের অন্দরের খবর, প্রত্যাশিতভাবেই এবছর দুর্গাপুজোর উদ্বোধনের আমন্ত্রণ সবথেকে বেশি আসবে দু’জনের কাছেই। একজন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যজনের নাম শমীক ভট্টাচার্য। যদিও শমীকবাবু ইতিপূর্বে বারবারই দাবি করেছেন, রাজ্যের শাসক দল এবং সরকারের মধ্যে কোনো বিরোধ নেই। রাজ্য সরকার কীভাবে চলবে, তা নিয়ে দল মাথা ঘামায় না। কিন্তু দাবিদাওয়া যাই হোক না কেন, যেভাবে বাংলার শাসক দল এবং সরকারের মধ্যে সমন্বয় রক্ষার উদ্দেশ্যে সম্প্রতি সঙ্ঘ পরিবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে, তাতে এসংক্রান্ত বিষয়কে মোটেও হালকাভাবে নেওয়া যাচ্ছে না। এমন প্রেক্ষাপটেই আজ, রবিবার দু’দিনের সফরে বাংলায় যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। সামগ্রিক বিষয়েই বিজেপির বঙ্গ নেতৃত্বের ‘ক্লাস’ নেবেন তিনি। একাধিক নির্দেশও দেবেন নবীন।