জম্মু: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের পাহাড়ি পথ দিয়ে ডিউটিতে যাওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন। বৃহস্পতিবার উদ্ধার হয় দুই বিশেষ পুলিশ আধিকারিক (এসপিও) বাবি চাঁদ এবং রশপাল কুমারের গুলিবিদ্ধ দেহ। নিয়ম অনুযায়ী কফিনে ভরে তাঁদের মরদেহ গ্রামে পাঠানোর কথা। তবে এক্ষেত্রে এমনটা হয়নি। অভিযোগ, কফিন ছাড়াই ট্রাকে করে দেহ পাঠানো হয় তাঁদের গ্রামে। বিষয়টাকে মেনে নিতে পারেননি গ্রামের মানুষজন। দুই এসপিওর দেহ গ্রামে পৌঁছতেই শোকের পরিবেশ বদলে যায় ক্ষোভে। স্থানীয়দের দাবি, পুলিশের কোনো পদস্থ আধিকারিক সঙ্গে ছিলেন না। দেহ বহনের জন্য স্ট্রেচারও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেনাবাহিনীর কাছ থেকে স্ট্রেচার সংগ্রহ করতে হয়। এমনকী, দেহ ঢাকার জন্য সাদা কাপড়ও নিজেদের উদ্যোগে জোগাড় করতে হয়েছে বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছন এক পদস্থ পুলিশ আধিকারিক। বিষয়টা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দুই এসপিওর শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা সুনীল শর্মা ও কিস্তওয়ারের বিধায়ক শগুন পরিহার। দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশকর্মীদের সঙ্গে এমন অসম্মানজনক আচরণ কীভাবে করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সোশ্যাল মিডিয়া পোস্টে নিন্দায় সরব হয় হাত শিবিরও।



