Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচদিন সাফাই হয়নি, দফায় দফায় বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ চুঁচুড়াবাসীর

চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি শুক্রবারও উঠল না।

পাঁচদিন সাফাই হয়নি, দফায় দফায় বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ চুঁচুড়াবাসীর
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি শুক্রবারও উঠল না। পাঁচদিন ধরে শহরে সাফাই কাজ না হওয়ায় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন চুঁচুড়াবাসী। উল্টে এদিন দিনভর দফায় দফায় বৃষ্টির জেরে যাবতীয় আবর্জনা রাস্তার ছড়িয়ে পড়ায় চুঁচুড়া শহরের রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্গন্ধ শহরময়। আবর্জনার পচা গন্ধে বিপর্যস্ত নাগরিক জীবন। আজ, শনিবার উল্টোরথ। মহরমও আসন্ন। এই অবস্থায় শহরের নরকগুলজার দশায় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধীরাও তেড়েফুঁড়ে পুরসভা ও প্রশাসনকে আক্রমণ করতে শুরু করেছে।

Advertisement

এদিকে, এদিন প্রশাসন পুরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন নিয়ে কড়া অবস্থান নিয়েছে। গত কয়েকদিন ধরেই পুরভবনের সামনে পিকেটিংয়ের জেরে পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছিল। এদিন সকাল থেকে প্রশাসন পুরভবনের গেটে পুলিস মোতায়েন করে। ফলে, অফিস করতে ইচ্ছুক কর্মীরা এদিন ভিতরে ঢুকতে পেরেছেন। তাতে সাধারণ মানুষের কোনও সুবিধা না হলেও চারদিন পর প্রশাসনের মাঠে নামার ঘটনা তাঁদের স্বস্তি দিয়েছে। একইভাবে এদিন পুরসভার আবর্জনা ফেলার গ্যারাজেও পুলিস কর্মী মোতায়েন করা হয়েছিল। অধিকাংশ সাফাই কর্মী অস্থায়ী হওয়ায় কাজ তেমন হয়নি। তবে সুডা এবং পুরসভার স্থায়ী কর্মীদের একাংশকে ব্যবহার করে কয়েকটি গাড়ি বের করা গিয়েছে, এমনটাই দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান অমিত রায়। তিনি বলেন, উৎসব মরশুমে শহরকে যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আমরা। অস্থায়ী কর্মীদের সামনে রেখে পুর পরিষেবাকে বানচাল করতে চক্রান্ত চলছে। এদিন পুরভবন সহ একাধিক জায়গায় পুলিস নামানো হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সিদের অবসরের পাশাপাশি তাঁদের এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। ওই সিদ্ধান্ত বদল হচ্ছে না।
গত সোমবার আংশিকভাবে বন্ধ হয়েছিল পুর পরিষেবা। মঙ্গলবার থেকে সাফাই সহ যাবতীয় কাজ বন্ধ হয়ে যায়। পুরসভার বেশিরভাগ কাজই অস্থায়ী কর্মীদের দিয়ে পরিচালিত হয়। ফলে, পাঁচদিন ধরে শহরে কার্যত কোনও পরিষেবাই দিতে পারেনি পুরসভা। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে রাস্তা ও বাড়িতে আবর্জনা জমে যাওয়ায়। বৃষ্টির জেরে চুঁচুড়া থানার সামনের অংশ, কমিশনারের অফিস লাগোয়া এলাকা সহ শহরের প্রাণকেন্দ্রে একাধিক জায়গা নরক হয়ে উঠেছে। সাফাইয়ের অভাবে বাসিন্দাদের দুর্গতি অসহনীয় হয়ে উঠেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ