নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিয়েছে বিধাননগর কমিশনারেট। নারী সুরক্ষায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। বিভিন্ন অফিসে কর্মরত মহিলাদের নিয়ে একটি গ্রুপও তৈরি করেছে পুলিস। এবার দ্বিতীয় পর্যায়ে পরিবহণ পরিষেবা ও সমস্যা নিরসনের উদ্যোগ নিল পুলিস। অ্যাপক্যাব চালক, অ্যাপ বাইক চালক, বাস চালক ও ই-রিকশ চালকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। পুলিস ক্যাব চালকদের জানিয়েছেন, ক্যাবের ভিতর সিগারেট-গুটখা খাওয়া চলবে না। অ্যাপ বাইক চালকদের জানানো হয়েছে, রাতে মহিলা যাত্রী তুলে তাঁরা যেন শর্ট-রুট ব্যবহার না করেন। এছাড়াও, নারী সুরক্ষা নিয়ে সকলকে সচেতন করা হয়েছে।
সেক্টর ফাইভে পরপর কর্মক্ষেত্রে মহিলাদের হেনস্তার অভিযোগ উঠেছিল। শ্লীলতাহানিও করা হয়েছে। তারপরই জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সেক্টর ফাইভের বিভিন্ন অফিসের মহিলা প্রতিনিধিদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে পুলিস। সেক্টর ফাইভে মহিলাদের সুরক্ষার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়। মহিলা প্রতিনিধিরা পুলিসের কাছে রাতের পরিবহণ সংক্রান্ত পরিষেবা নিয়ে কয়েকটি অভিযোগ তুলেছিলেন। প্রথমত, রাতে বহু অ্যাপক্যাব চালক সিগারেট ও গুটখা খান। দ্বিতীয়ত, অ্যাপ বাইক চালকরা শর্ট-রুট ধরে যাতায়াত করেন। তাতে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেন। তৃতীয়ত, অনেক অ্যাপ বাইক চালক যাত্রীর গন্তব্য পর্যন্ত না গিয়ে আগেই নামিয়ে দেন। অল্প হলেও রাতে ওইটুকু পথ তাঁদের হেঁটে যেতে হয়।
তারপরই দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ হিসেবে বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার (দক্ষিণ) সম্বিতি চক্রবর্তীর নেতৃত্বে অ্যাপক্যাব চালক, অ্যাপ বাইক চালক এবং ই-রিকশ চালকদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে সিগারেট-গুটখা, শর্ট-রুট না ধরা, নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া নিয়ে সচেতন করা হয় ই-রিকশ চালকদের। সেই সঙ্গে সকলকে জানানো হয়, নারী সুরক্ষায় জড়িত কোনও ঘটনা নজরে হেল্পলাইন নম্বরে জানাবেন। সেই নম্বর সকলকে দেওয়া হয়েছে। বৈঠকের দিন চারেক পর বাসচালক ও খালাসিদের নিয়েও বৈঠক করেন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার। তাঁদেরও নারী সুরক্ষায় জড়িত কোনও ঘটনা নজরে এলে হেল্পলাইন নম্বরে জানাতে বলা
হয়েছে। নিজস্ব চিত্র