কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই, রাজ্যজুড়ে কমল তাপমাত্রা, শ্রীনিকেতনে এখনই  ১৭.৯ ডিগ্রি
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা নিম্নগামী হল শনিবার। আজ, রবিবার কালীপুজোর দিনে আবহাওয়া শুকনো থাকবে বলেই আশা করছে আবহাওয়া দপ্তর। আজ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ফলে কালীপুজো-দীপাবলি উৎসবে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। তবে, কাল সোমবার থেকে পরবর্তী দু-তিনদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের দিক থেকে পুবালি বাতাসের জন্য বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে রয়েছে। সেই কারণে কয়েকদিন কোনো কোনো জায়গায় কিছুটা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির জন্য সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। বেশ কিছুদিন পর শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আসে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। শুক্রবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন ২ ডিগ্রি কমেছে। তার আগে সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির আশপাশে ছিল। বাতাসে জলীয় বাষ্প কমার পাশাপাশি শুকনো উত্তর-পশ্চিমা বাতাস সক্রিয় হওয়ার জন্য রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকার বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে চলে এসেছে। দক্ষিণবঙ্গে সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে (১৭.৯ ডিগ্রি)। উত্তরবঙ্গের সমতল এলাকায় কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। এই সময় ভোর ও রাতের দিক কিছুটা হালকা শীতের ছোঁয়া স্বাভাবিক বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন। শীতের এই অনুভূতি গ্রামাঞ্চলের দিকে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সব জায়গায় ৩০-৩২ ডিগ্রির আশপাশে আছে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবে যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রির কম হলে কলকাতা ও লাগোয়া হালকা শীত পড়েছে বলা যায়। সেই সময় আসতে এখনও দেরি আছে।

Advertisement