নগদ-গয়না নয়, হাওড়ার আবাসন থেকে লক্ষাধিক টাকার জুতো চুরি!
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাংলায় রাজকোষে চুরি হয়। বাঙালির গোঁফও চুরি যায়। আবার জুতোও নিয়ে যায় বাংলার চোর। খবর এসেছে, এক-আধটা নয়, প্রায় সোয়া লক্ষ টাকার জুতো হাপিস করে চম্পট দিয়েছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার এক আবাসনে। আবাসিকদের এমন দশা করে গিয়েছে লোকটা যে, প্রায় খালি পায়ে হাঁটার উপক্রম হয়েছে অনেকের। সোনাদানা নয়, টিভি-ল্যাপটপ-মোবাইল নয়, ফ্ল্যাটের দুয়ারে দুয়ারে গিয়ে যা জুতো পেয়েছে হাতের সামনে, তাই হাতিয়ে পালিয়েছে লোকটা।

Advertisement

ভুল হল, বাংলা শুধু নয়, আমেরিকাতেও নামকরা একটি ব্র্যান্ডের লক্ষ লক্ষ টাকার জুতো চুরি গিয়েছিল ট্রেন থেকে। বেঙ্গালুরুতেও এক ব্যক্তির কয়েক হাজার টাকা দামের জুতো চুরি গিয়েছিল মন্দিরের বাইরে থেকে। দুই ঘটনারই অভিযোগ হয়েছিল পুলিশে। হাওড়ার ঘটনাটিরও পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর, রবিবার, ভোরবেলা। হাওড়ায় মন্দিরতলার একটি হাউজিং সোসাইটি আছে। নবান্নের একটু দূরে অবস্থিত সেটি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে পড়েছিল ওই দুষ্কৃতী। ভোর ৪টে থেকে ৫টার মধ্যে আবাসনের উত্তর-পূর্ব দিকের পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিল। প্রথমে বি ব্লকের একাধিক ফ্ল্যাটের দরজার বাইরে রাখা জুতোর আলমারি ও জুতোর তাক থেকে পছন্দমতো জুতো তুলে ব্যাগে ভরেছে। তারপর যায় এ ব্লকে। সেখানেও একই কায়দায় জুতো পছন্দ করে ব্যাগে ঢোকায়। শেষে দু’টি বড়ো ব্যাগ ভর্তি করে ওই পাঁচিলটি টপকেই পালায়। আবাসনের মূল প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। কিন্তু ঘটনাটি কেউই দেখতে পায়নি। 
চুরি গিয়েছে একাধিক নামিদামি ব্র্যান্ডের স্নিকার্স, স্যান্ডেল এবং ফরমাল জুতো। পুজোর সময় বেশিরভাগ আবাসিক নতুন জুতো কিনেছিলেন। সেগুলির একেকটির দাম মোটামুটি ৮ থেকে ১০ হাজার টাকা। বেছে বেছে দামি জুতোগুলিই পছন্দ করে ব্যাগে ভরে পালিয়েছে চোর। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। আবাসনের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। তাতে দুষ্কৃতীর সমস্ত কীর্তিকলাপের ছবি উঠেছে। স্পষ্ট দেখা গিয়েছে, করিডোর ধরে একের পর এক ফ্ল্যাটের সামনে গিয়ে বেছে বেছে জুতো নিয়ে ব্যাগে ভরেছে। তারপর হেলতে দুলতে, নির্বিঘ্নেই ব্যাগে ভরে আবার পাঁচিল টপকে পালিয়েছে।
এই ঘটনার পর আবাসনের নিরাপত্তা নিয়ে আবাসিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাঁদের বক্তব্য, দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পাঁচিল টপকে ভিতরে ঢুকল দুষ্কৃতী। আগেরবার একজন কিছু না নিয়ে বেরিয়ে গিয়েছিল। এবার লক্ষাধিক টাকার জুতো নিয়ে পালাল আর একজন। আবাসনে বহু প্রবীণ একা থাকেন। তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তা বৃদ্ধি পেয়েছে সবার। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দিয়েওছেন। পাশাপাশি পুলিশের টহলদারি বাড়ানোর দাবি সকলের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একই কায়দায় চ্যাটার্জি হাট থানা এলাকাতেও এই ধরনের চুরি হয়। এছাড়া শহরের অন্যান্য জায়গায় জুতো চুরির অভিযোগ আছে কি না, তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।
গোঁফ চুরি গিয়েছিল বলে রেগে আগুন তেলে বেগুন হয়েছিলেন হেড অফিসের বড়োবাবু। জুতো চুরির পর হাউজিং সোসাইটির আবাসিকরাও রেগে রয়েছেন। অবিলম্বে চুরির কিনারার দাবি তাঁদের।