মুম্বই: বিহারের পুনরাবৃত্তি হল না মহারাষ্ট্রে! বিধানসভা নির্বাচনের ঠিক আগে মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়া প্রকল্প চালু করে নীতীশ কুমার সরকার। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও সেই টাকা বিলি আটকায়নি নির্বাচন কমিশন। কিন্তু মহারাষ্ট্রে পুরসভা ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশন একেবারে উলটো পথে হাঁটল। রুখে দিল দেবেন্দ্র ফড়নবিশ সরকারের লড়কি বহিন যোজনায় অগ্রিম অর্থ দেওয়ার চেষ্টা। মারাঠ-ভূমে সরকারি এই প্রকল্পে দেড় হাজার টাকা করে সহায়তা পান মহিলারা। এবার মকর সংক্রান্তির আগে জানুয়ারির টাকা অগ্রিম দিতে চেয়েছিল ফড়নবিশ সরকার। সেই অগ্রিম অর্থ দেওয়ার সিদ্ধান্ত সরকারকে স্থগিত রাখতে বলেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভার নির্বাচন। আর মকর সংক্রান্তি হল ভোটের ঠিক আগের দিন ১৪ জানুয়ারি। নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, আদর্শ আচরণ বিধি কার্যকর হয়েছে। তাই অগ্রিম অর্থ দিতে পারবে না রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। মুম্বইতে রাজ্য কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ন্ত বলেন, ‘মহিলাদের ভাবাবেগ নিয়ে খেলছে রাজ্য সরকার। দু’মাস ধরে কোনও অর্থ তারা দেয়নি। এখন ওরা ভোট কিনতে চাইছে। আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজ্য নির্বাচন কমিশনের থেকে শিক্ষা নিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন।’



