Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় জখম দু’টি বাইকের ৪ আরোহী, অবরোধ

নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় জখম দু’টি বাইকের ৪ আরোহী, অবরোধ
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার নিতুড়িয়া থানা এলাকায় একটি চারচাকা গাড়ি পরপর দু’টি বাইককে ধাক্কা মারে। ঘটনায় দুই বাইকের চারজন আরোহী গুরুতর জখম হয়েছেন। এদিন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয়রা সড়বড়ি-বাঁকুড়া রাজ্য সড়কের মুর্গাবনি ও বোড়া দু’টি মোড়ের কাছে পৃথকভাবে পথ অবরোধ করে। রীতিমতো রাস্তায় বাঁশ দিয়ে অবরোধ করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলে। অবরোধের জেরে রাজ্য সড়কের দুই ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী গাড়ি সহ বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নিতুড়িয়া থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়। পুলিসের তরফ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাঁতুড়ি থানা এলাকার একটি বেসরকারি কারখানার এক চিকিৎসক ছোট চারচাকা গাড়ি নিয়ে সড়বড়ি-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে মধুকুণ্ডা যাচ্ছিলেন। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বোড়া মোড়ের কাছে প্রথম একটি বাইককে ধাক্কা মারে। তারপরেই গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূরে মুর্গাবনী মোড়ের কাছে অপর একটি বাইককে ধাক্কা দেয়। ঘটনায় দুই বাইককে থাকা চারজন গুরুতর জখম হয়। প্রতিবাদে নিতুড়িয়া ব্লকের বোড়া এবং সাঁতুড়ি ব্লকের মুরুলিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ অবরোধে শামিল হন।
Advertisement
তাঁরা জানান, দুর্ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা চার জখমকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর নিয়ে যায়। বর্তমানে দুর্গাপুরের দু’টি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। নিতুড়িয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। পুলিস যান নিয়ন্ত্রণে ব্যর্থ। অবরোধে আটকে পড়া যাত্রী সাগর মণ্ডল, চৈতন্য দত্ত বলেন, অবরোধের জন্য প্রচুর মানুষ অসুবিধায় পড়েছেন। মুরুলিয়া গ্রামের বাসিন্দা তথা মুরাডি গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান মহম্মদ রবিউল বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে আমাদের গ্রামের দুই যুবককে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সম্ভবত একজনের পা পর্যন্ত কেটে বাদ দিতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চারচাকা গাড়িটি আটক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ