Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, আগুনে পুড়ল চালাঘর

নানুরে অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, আগুনে পুড়ল চালাঘর
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: শুক্রবার রাতে নানুরের বাইতারা গ্রামে অনুব্রত মণ্ডলের অনুগামীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ওই রাতে  অনুব্রত অনুগামী তৃণমূল কর্মী আইনুল হকের বাড়ি সহ একাধিক বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তা থেকেই আইনুলের বাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় পোষ্য ছাগলের মৃত্যুর পাশাপাশি বাড়ির নানা সামগ্রী পুড়ে যায়। মহিলাদের উপর চড়াও হয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আইনুল শেখ বলেন, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই কাজল শেখের লোকজন দিনকয়েক আগে আমার উপর চড়াও হয়। আমাদের ছেলেদের মেরে তাড়িয়ে গ্রামছাড়া করা হয়। কোনওরকমে পাশের গ্রামে লুকিয়েছিলাম। সেই সুযোগে শুক্রবার রাতে আমার বাড়িতে বোমাবাজি হয়। তাতে আমার চালাবাড়ি পুড়ে যায়। সেখানে ছাগল সহ অন্যান্য আসবাবপত্র ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। দু’টি তাজা বোমাও বাড়িতে পড়েছিল। সেগুলি বিস্ফোরণ হলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত। 
Advertisement
যদিও অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, পারিবারিক বিবাদে এধরনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 
এদিকে, শান্তিনিকেতনের রূপপুরের মোমিনপাড়ায় আবার তিনজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করায় মারধর করা হয়। ঘটনায় জখম নুর আফসার মোল্লা, সাদের আলি মিঞা ও মুজিবর মিঞা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের তির বোলপুর পুরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় দু’পক্ষের মোট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বোলপুর আদালতের বিচারক। যদিও অভিযোগ অস্বীকার করে বাবু দাস বলেন, পারিবারিক বিবাদে এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ