Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে বাজার যাওয়ার পথে বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে খুন

নানুরে বাজার যাওয়ার পথে বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে খুন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: মঙ্গলবার সাত সকালে নানুরের দাসপাড়ায় প্রতিবেশীর হাতে খুন হলেন এক বৃদ্ধ। মৃতের নাম সদানন্দ দাস(৭০)। তাঁকে কোদাল জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগে প্রতিবেশী জগদীশ দাসকে আটক করেছে নানুর থানার পুলিস। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন মৃতের পরিবার সহ এলাকার বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিস মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বোলপুর মহকুমা পুলিস আধিকারিক রিকি আগরওয়াল ও নানুরের সার্কেল ইন্সপেক্টর। 
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সদানন্দবাবু পেশায় সব্জি বিক্রেতা। এদিন সকালে নানুর বাসস্ট্যান্ডে দোকান খুলে কোনও কারণে তিনি আবার বাড়ি যান। কিছুক্ষণ পরে ফের দোকান যাওয়ার সময় হঠাৎ তাঁর প্রতিবেশী জগদীশ দাস ওরফে বাপি কোদাল জাতীয় কিছু দিয়ে সদানন্দবাবুর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রাস্তার পাশেই পানাপুকুরে ফেলে দেয় জগদীশ। সেই পুকুরের জলেই খুনে ব্যবহৃত কোদালটি ধুয়ে বাড়ি গিয়ে জামাকাপড় পাল্টে ফেলে জগদীশ। কিছুক্ষণ পরে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তারপরেই জল থেকে সদানন্দবাবুকে উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিস। তারা দেহটি ময়নতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেইসঙ্গে অভিযুক্ত জগদীশকে আটক করে। কিন্তু কী কারণে এই খুন স্পষ্ট নয় কারও কাছেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশ অধিকাংশ সময়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকত। এই খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।
মৃতের ছেলে সুশান্ত দাস বলেন, আমাদের বাড়ির একটি ঘরের পরেই অভিযুক্তর বাড়ি। কেন সে বাবাকে খুন করল বুঝতে পারছি না। তার সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। জগদীশের বাবা নিমাই দাস বলেন, ওই প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্কও যথেষ্ট ভালো। কিন্তু কেন এই ঘটনা ঘটাল বুঝতে পারছি না।
সম্পর্কিত সংবাদ