Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ানজুলিতে পড়ে পড়শির দেহ, খুনের অভিযোগে তপ্ত সাগরপাড়া, বিক্ষোভ, অবরোধ

নয়ানজুলিতে পড়ে পড়শির দেহ, খুনের অভিযোগে তপ্ত সাগরপাড়া, বিক্ষোভ, অবরোধ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: সাত সকালে রাস্তায় বেরিয়েছিলেন কয়েকজন পথচারী। হটাৎ তাঁদের চোখ যায় পাশের নয়ানজুলিতে। দূর থেকে কিছু একটা পড়ে থাকতে দেখেন তাঁরা। তবে, রাস্তা থেকে নেমে খানিকটা এগিয়ে যেতেই চক্ষু চড়কগাছ। পড়ে থাকতে দেখেন একজনের দেহ। ঘটনাটি চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাগরপাড়ার সিপাহীর চকে। ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকজন। প্রায় কুড়ি মিনিট ধরে অবরোধ চলে। পরে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নামে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম তজিমুদ্দিন মণ্ডল (৪৫)। বাড়ি সাগরপাড়ার বারোমশিয়া এলাকায়। তিনি দিনমজুরের কাজ করতেন। মঙ্গলবার রাতে ওই ব্যক্তি রাসমেলা দেখতে গিয়েছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার ধারে তাণর দেহ পড়ে থাকতে দেখেন ওই পথচারীরা। 
মৃতের এক আত্মীয় বলেন, তজিমুদ্দিন সাদাসিধে মানুষ ছিলেন। কেউ বা কারা ওকে একা পেয়ে পিটিয়ে মেরেছে। কিন্তু কে এই কাজ করেছে, কিছুই বুঝে উঠতে পারছি না। পুলিসে অভিযোগ জানিয়েছি। তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করুক। যদিও অপর এক আত্মীয় সাঈদ শেখের মুখে উল্টো সুর। তিনি বলেন, ‘ও মদ্যপান করত। কপালে একটা ছোট আঘাত রয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে মদ্যপ অবস্থায় থাকার কারণেই দুর্ঘটনায় ও মারা গিয়েছে।’ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, পরিবারের লোকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে। তদন্তকারী এক আধিকারিক বলেন, প্রাথমিকভাবে আমাদেরও মনে হচ্ছে এটি দুর্ঘটনা । তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে। পরিবারের লোক কয়েকজনের নামে অভিযোগ করেছেন। তাদের দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ