Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দকুমারে সমবায় ভোটে জয়ী তৃণমূল

নন্দকুমারে সমবায় ভোটে জয়ী তৃণমূল
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার নন্দকুমার থানার দক্ষিণ নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী হল তৃণমূল। এদিন ওই সমবায়ে মোট ৫৫টি আসনে ভোট হয়। তাতে তৃণমূল ৪৮টি ও বিজেপি সাতটি আসনে জয়ী হয়। নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা দেশবন্ধু বিদ্যাপীঠে ভোট হয়। এদিন ভোট ঘিরে এলাকায় উত্তেজনা ছিল। বিজেপির ক্যাম্পের সামনে আক্রান্ত হন তৃণমূল কর্মী দিলীপ প্রধান। তাঁর নাকে ঘুষি মারায় রক্ত গড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভয় মাইতি নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মী বাইকে একজন ভোটারকে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ধৃত বিজেপি কর্মী ঝামেলায় জড়ায়। সেই সময় বচসা চলাকালীন দিলীপের নাকে সজোরে ঘুষি মারে। এদিন ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে উল্লাসে মাতেন।
Advertisement
দক্ষিণ নারকেলদা অঞ্চল তৃণমূলের সম্পাদক শান্তনু অধিকারী বলেন, আমরা ৫৫টির মধ্যে ৪৮টি আসনে জিতেছি। বিজেপি গুণ্ডামি করেও ভোটে জিততে ব্যর্থ। বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, এই সমবায় সমিতির ভোট নিয়ে কয়েকদিন ধরেই তৃণমূল এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল। বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটে। সন্ত্রাসের আবহে আমাদের রেজাল্ট ভালো হয়নি।
সম্পর্কিত সংবাদ