নিজস্ব প্রতিনিধি, তমলুক: বুধবার থেকে নন্দকুমার ব্লকে তালপুকুর ফুটবল ময়দানে তিনদিনের আয়ুষ মেলা-’২৫ শুরু হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ডেপুটি সিএমওএইচ-১ নারায়ণ মিদ্যা, অফিসার ইনচার্জ(হেল্থ) শুভ হিংসরায় এবং কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের প্রিন্সিপ্যাল সুশীলকুমার নাথ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আগামী ১০জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন মেলায় বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হবে। মেলায় মোট ২০টি স্টল বসেছে। মেলা প্রাঙ্গণে ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, আয়ুষ বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এদিন সকালে ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ পর্যন্ত আসে। তারপর মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।



