Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামের সমবায় ভোটে হারলেন দলবদলু সেই পঞ্চায়েত প্রধান

নন্দীগ্রামের সমবায় ভোটে হারলেন দলবদলু সেই পঞ্চায়েত প্রধান
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের টিকিটে জিতে বোর্ড গঠনের সময় রাতারাতি দলবদল করে বিজেপিতে যোগ দিয়ে প্রধান হয়েছিলেন। নন্দীগ্রামের সেই নেতা সমবায় ভোটে পরাস্ত হলেন। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ পঞ্চায়েতের টাকাপুরা সমবায় সমিতির নির্বাচন ছিল। ৪৪টি আসনে ভোট হয়। তৃণমূল ও বিজেপি দু’দল ২২টি করে আসনে জয়ী হয়। উল্লেখযোগ্যভাবে বিজেপির পঞ্চায়েত প্রধান পূর্ণচন্দ্র মণ্ডল পরাস্ত হয়েছেন। তাঁর নির্বাচনী এলাকা থেকে আটজন বিজেপির প্রার্থী পরাজিত হয়েছেন। ২০২৩সালে পূর্ণচন্দ্রবাবু তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হন। তারপর বোর্ড গঠনের দিন সকালে বিজেপিতে যোগ দেন। তাঁর দলবদলের জেরেই বোর্ডের দখল পায় বিজেপি। পূর্ণচন্দ্র প্রধান নির্বাচিত হন। বছর ঘুরতেই টাকাপুরা সমবায় সমিতির নির্বাচনে এলাকার পঞ্চায়েত প্রধান পর্যুদস্ত হলেন। এই প্রথম টাকাপুরা সমবায় সমিতির নির্বাচন হল। সেখানে দু’দল সমান আসনে জয়ী হয়েছে। কিন্তু, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান পরাস্ত হওয়ায় বেজায় খুশি তৃণমূল নেতৃত্ব।
Advertisement
তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম-২ ব্লক সভাপতি সুনীল জানা বলেন, টাকাপুরা সমবায় সমিতির নির্বাচনে ২২-২২ফলাফল হয়েছে। বিজেপির পঞ্চায়েত প্রধান পরাজিত হয়েছেন। তিনি পঞ্চায়েত নির্বাচনে আমাদের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বছর ঘুরতেই উচিত জবাব পেলেন। 
বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, আমরা এবং তৃণমূল ২২টি করে আসনে জয়ী। প্রধানের হেরে যাওয়ার মধ্যে আলাদা কোনও গুরুত্ব নেই। পূর্ণচন্দ্রবাবুর সঙ্গে এনিয়ে যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি।
সম্পর্কিত সংবাদ