নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়ায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সুকেশ মান্না। এদিন বড়াচিড়া গ্রামে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় জয়কালী হাইস্কুলের কাছে ওই তৃণমূল নেতার পথ আটকান এক বিজেপি কর্মী। সেখানে তাঁকে কিল, চড়, ঘুসি মারা হয়। সুকেশবাবু হামলার ঘটনার ভিডিও করার সময় তাঁর মোবাইল কেড়ে আছড়ে ভেঙে ফেলা হয়। এদিন সন্ধ্যায় সমীর সাধু নামে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর করেন প্রাক্তন প্রধান। এনিয়ে বিজেপির স্থানীয় জেলা পরিষদ সদস্য অরূপকুমার জানা বলেন, সমীর সাধু আমাদের দলেরই সমর্থক। তিনি এখন খড়্গপুরে থাকেন। ব্যক্তিগত শত্রুতার জেরে মারামারি হয়েছে বলে শুনেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।সুকেশবাবু বলেন, বড়াচিড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় আমার দোকান আছে। এদিন দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সেইসময় জয়কালী হাইস্কুলের কাছে সমীর সাধু নামে এক বিজেপি কর্মী আমার পথ আটকায়। আমাকে মারধর করে। স্থানীয় লোকজন এগিয়ে না এলে প্রাণে মেরে ফেলত।



