সংবাদদাতা, নন্দীগ্রাম: নন্দীগ্রামে সমবায় ব্যাঙ্কের ভোট শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। কুপিয়ে খুন করা হল এক তৃণমূলকর্মীকে। তিনি তৃণমূলের বুথ সভাপতির দাদা। নাম বিষ্ণুপদ মণ্ডল (৩৬)। গতকাল, রবিবার রাতে নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর পঞ্চায়েতের জালপাই গ্রামে এই হামলার ঘটনাটি ঘটেছে। অভিযোগের তির বিজেপির দিকে।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে এলাকার তৃণমূলকর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের দাদা বিষ্ণুপদকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় গুরুপদ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ খণ্ডন করেছে গেরুয়া শিবির।
আজ, সোমবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে অবরোধ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। এখনও সেখানে যথেষ্ট উত্তপ্ত রয়েছে পরিস্থিতি।