নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে পূর্তদপ্তরের জায়গায় বিজেপির যুবমোর্চার নেতার দোকানঘর তৈরির অভিযোগ পেয়ে বাধা দিল পুলিস। মঙ্গলবার নন্দীগ্রাম-চণ্ডীপুর সড়কের ধারে তাজপুরে সরকারি জায়গায় উপর নির্মাণ করার জন্য জায়গা ঘেরার কাজ চলছিল। সেখানেই দোকানঘর তৈরির পরিকল্পনা নিয়েছিলেন বিজেপির যুবমোর্চার নেতা শুকদেব দাস। ওই এলাকায় পেট্রল পাম্প রয়েছে। সেখানে দোকানঘর তৈরি হলে যেকোনও সময় বিপদের আশঙ্কা থাকে। তাছাড়া, পূর্তদপ্তরের জায়গায় উপর বেআইনিভাবে দোকানঘর তৈরি হলে আরও অনেকে ওই কাজে উৎসাহ দেখাবেন। মঙ্গলবারই এনিয়ে স্থানীয়রা নন্দীগ্রাম-১বিডিও অফিস এবং থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরে পুলিস গিয়ে সেই কাজ বন্ধ করে দেয়। সরকারি জায়গায় বেআইনিভাব নির্মাণ তৈরিতে অভিযুক্ত শুকদেব দাস বলেন, আমি ওই জায়গায় একটি চায়ের দোকান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সঙ্গে আরও দু’জন দোকানঘর তৈরির জন্য জায়গা ঘেরার কাজ করছিলাম। মঙ্গলবার পুলিস এসে আমাদের ওই কাজে বাধা দেয়। তখন আমরা চলে এসেছি। নন্দীগ্রাম-১বিডিও সৌমেন বণিক বলেন, তাজপুর এলাকায় পূর্তদপ্তরের জায়গার উপর নির্মাণের অভিযোগ জমা পড়েছে। এদিন পুলিস হস্তক্ষেপ করায় ওই কাজ বন্ধ হয়েছে। নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানা বলেন, সরকারি জায়গা দখল নেওয়ার বিষয়টি আমাদের নজরে নেই।



