Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে সমবায় সমিতিতে ডিরেক্টর ভোটে ক্রস ভোটিংয়ে হার বিজেপির

নন্দীগ্রামে সমবায় সমিতিতে ডিরেক্টর ভোটে ক্রস ভোটিংয়ে হার বিজেপির
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
শ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম: ক্রস ভোটিংয়ে নন্দীগ্রামে সমবায় নির্বাচনে পরাস্ত হল বিজেপি। শনিবার নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড দখলের স্বপ্নভগ্ন হল পদ্মশিবিরের। অন্যদিকে, ডিরেক্টর নির্বাচনে জেতার পর সবুজ আবিরে উচ্ছ্বাসে ভাসতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। নন্দীগ্রামের মতো জায়গায় বিজেপির বিপক্ষে ক্রস ভোটিংয়ের ঘটনা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। ২০২১সালে বিধানসভা ভোটের পর থেকেই নন্দীগ্রাম-২ ব্লকে কোণঠাসা শাসকদল। বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে এই ব্লকে শোচনীয় ফল করেছে তৃণমূল। রাজনৈতিকভাবে প্রতিকূল অবস্থায় মধ্যেও বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে সমবায় দখল করায় শাসকদলের কর্মীরা বেজায় খুশি।
Advertisement
গত ১ডিসেম্বর নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি বা ডেলিগেট নির্বাচন হয়। মোট ৪৪টি আসনের মধ্যে বিজেপি ২২টি এবং তৃণমূল ২২টি আসনে জয়ী হয়। নির্বাচিত ডেলিগেটদের মধ্য থেকে ১২জন ডিরেক্টর নির্বাচিত হওয়ার কথা। বিনা ভোটে দু’দল থেকে ১১জন ডিরেক্টর জয়ী হন। তাঁদের মধ্যে তৃণমূলের ছ’জন এবং বিজেপির পাঁচজন ছিলেন। শনিবার একটি আসনে ভোটাভুটি ছিল। সমবায় সমিতির অফিসে ভোটাভুটি ঘিরে ব্যাপক পুলিসি নিরাপত্তা ছিল। নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত আইসি তুহিন বিশ্বাস সহ প্রচুর ফোর্স ছিল। দু’দলের নির্বাচিত ৪৪জন প্রতিনিধি ওই ডিরেক্টর আসনে ভোটে অংশ নেন। বিজেপির পক্ষ থেকে তারাপদ খাটুয়া এবং তৃণমূলের পক্ষ থেকে ভূদেব খাটুয়া প্রার্থী ছিলেন। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। তৃণমূলের ভূদেববাবু ২৫-১৯ ভোটে জয়ী হয়েছেন। বিজেপির তিনজন নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন।
নন্দীগ্রাম-২ ব্লকের বিজেপি পরিচালিত আমদাবাদ-২ পঞ্চায়েত এলাকার মধ্যেই টাকাপুরা সমবায় সমিতি পড়ে। ২০২৩ সালে তৃণমূলের টিকিটে জেতা পূর্ণচন্দ্র মণ্ডল বোর্ড গঠনের দিন সকালে বিজেপিতে যোগ দিয়ে প্রধান নির্বাচিত হন। ওই দলবদলের জেরে বোর্ড দখল পায় বিজেপি। গত ১ ডিসেম্বর সেই পূর্ণচন্দ্রবাবু টাকাপুরা সমবায় সমিতির ডেলিগেট নির্বাচনে পরাজিত হন। তাঁর এলাকায় সমবায়ের ৮জন প্রতিনিধিই তৃণমূল থেকে নির্বাচিত হন।  শনিবার ডিরেক্টর নির্বাচনে বিজেপির পক্ষ থেকে দাপুটে নেতা তারাপদ খাটুয়াকে প্রার্থী করা হয়েছিল। তারাপদবাবু একসময় তৃণমূলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান ছিলেন। ২০২১সালে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২৩সালে বিজেপি পরিচালিত নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হন। শনিবার সেই তারাপদবাবু ক্রস ভোটিংয়ে পরাস্ত হলেন। তিনি বলেন, আমাদের তিনজন টাকার বিনিময়ে তৃণমূলের সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে এদিন ডিরেক্টর পদে একটিমাত্র আসনে ভোট ছিল। সেখানে সাতজন প্রতিনিধির ভোট দেওয়ার কথা। কিন্তু, তা না করে সকল ডেলিগেটকে ভোট দিতে দেওয়া হয়। জেতার জন্য আগে থেকেই ঘুঁটি সাজিয়েছিল শাসকদল। আমদাবাদ-২ অঞ্চল যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ শাসমল বলেন, বিজেপির প্রতিনিধিরাই ডিরেক্টর হিসেবে তারাপদবাবুকে সমর্থন দেননি। আমাদের সমর্থন জানানোয় আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
সম্পর্কিত সংবাদ