নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিজেপির হামলায় নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মীর স্ত্রী ও দাদাকে চাকরি দিল রাজ্য সরকার। গত ৮ ডিসেম্বর রাতে নন্দীগ্রাম-১ ব্লকের সপ্তমখণ্ড জালপাই গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় মারা যান তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। তাঁর বুকে ভোজালি দিয়ে গেঁথে খুন করা হয়। এছাড়াও ভোজালির কোপে গুরুতর জখম হন বিষ্ণুপদবাবুর দাদা গুরুপদ মণ্ডল। গুরুপদবাবু তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি। বাড়িতে চড়াও হয়ে বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা বিষ্ণুপদবাবুকে খুন করে বলে অভিযোগ।
Advertisement
বিষ্ণুপদবাবুর স্ত্রী সুস্মিতা মণ্ডল এবং দাদা গুরুপদ মণ্ডলকে নন্দীগ্রাম-১ বিডিও অফিসে অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগপত্র দেওয়া হল। মাসিক ১০ হাজার টাকা বেতনে বুধবার দু’জনে নন্দীগ্রাম-১ বিডিও অফিসে কাজে যোগ দেন। নন্দীগ্রাম-১ বিডিও সৌমেন বণিক বলেন, গুরুপদ মণ্ডল এবং সুস্মিতা মণ্ডল বিডিও অফিসে অ্যাটেনডেন্ট হিসেবে বুধবার কাজে যোগ দিয়েছেন।



