Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নানা দেবদেবীর আরাধনার মধ্যে দিয়ে বেলডাঙায় কার্তিক পুজোর সূচনা

নানা দেবদেবীর আরাধনার মধ্যে দিয়ে বেলডাঙায় কার্তিক পুজোর সূচনা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: কোথাও কালী, কোথাও লক্ষ্মী, গণেশ, বজরংবলী, বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়েই শুরু হয়েছে বেলডাঙার কার্তিক পুজো। আজ শনিবার পাড়ার মোড়ে মোড়ে পুজোর উন্মাদনায় মেতেছেন উদ্যোক্তা থেকে বেলডাঙাবাসী। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। বেলডাঙা থানার পুলিস ও বেলডাঙা পুরসভা পৃথক পৃথকভাবে সিসিটিভিতে নজরদারি চালাচ্ছে।
Advertisement
বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। কার্তিক লড়াইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাস্তার পাশে খোলা নিকাশি নালাগুলি কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। বেশ কয়েক জায়গায় মঞ্চও বাঁধা হচ্ছে। বেলডাঙা থানার পুলিস জানিয়েছে, আজ সারারাত পুলিস নজরদারি চালাবে। রবিবার কার্তিক লড়াইয়ের দিন প্রচুর পুলিস মোতায়েন থাকবে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে রাত ১২টার মধ্যে সমস্ত প্রতিমা জলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর নামেও রয়েছে চমক। কোনওটার নাম ল্যাংটো কার্তিক, কোনওটার নাম বাবু কার্তিক, হাতি কার্তিক, ময়ূর কার্তিক, বুড়ো শিব, সিক্স প্যাক ভৈরব, বোল্ডার বাবা, ভোলে বাবা, জটা বাবা, পারলে আটকে নিস বাবা। এর পাশাপাশি বিভিন্ন নামের কালী, লক্ষ্মী, গণেশও রয়েছে। আর এই দেবদেবীর পুজো ঘিরে বেলডাঙা আলোর সাজে সেজে উঠেছে। পাড়ার প্রতিটি মোড়ে মোড়ে একে অপরকে টেক্কা দিতে সেজে উঠেছে মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা। তবে, তারসঙ্গে রয়েছে ডিজের তাণ্ডব। মণ্ডপ, প্রতিমার উচ্চতার সঙ্গে ঢাক, ঢোল, তাসা, ব্যান্ডের অলিখিত প্রতিযোগিতাও চলছে। পুজো উদ্যোক্তা শিবম প্রামাণিক বলেন, কার্তিক লড়াই দেখতে সারা বাংলা সহ বাইরের রাজ্যের মানুষ বেলডাঙা আসেন। দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য কেউ আড়ম্বরের ত্রুটি রাখেন না। সুভাষ দত্ত বলেন, এক এক পাড়ায় এক এক নামের প্রতিমার পুজো হয়। দেবদেবীর নামই পুজোর অন্যতম আকর্ষণ। কেউ বোল্ডার বাবার উচ্চতা দেখতে ছোটেন, কেউ বুড়ো শিবের আকর্ষণে ছোটেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার দু’শোর বেশি প্রতিমার পুজো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ