সংবাদদাতা, জঙ্গিপুর: সূতির নিমতিতা স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল দুই দুষ্কৃতী। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীদের দেখে দুষ্কৃতীরা একটি বোমা রেললাইনের পাশেই ফেলে দেয়। বৃহস্পতিবার বিকেলে সূতির ঔরঙ্গাবাদের ওই ঘটনায় বোমাতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা দুই যুবককে আটকে রেখে থানায় খবর দেন। পুলিস দুই যুবককে থানায় নিয়ে যায়। তারা কেন, কী উদ্দেশ্যে রেললাইনে ধারে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল, তা পুলিস তদন্ত করে দেখছে। তাছাড়া এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না, পুলিস তাও খতিয়ে দেখছে। পুলিস জানিয়েছে, দুষ্কৃতীরা নুড়িপাথর কালো সেলোটেপ দিয়ে মুড়ে বোমার মতো আকার দেয়। তাতে কোনও বারুদ ছিল না। দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার জেরে সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হয়।
Advertisement
জানা গিয়েছে, সূতির নিমতিতা রেলস্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঔরঙ্গাবাদে রেললাইনের ধারে দুই যুবক ঘোরাঘুরি করছিল। এক যুবকের হাতে বোমার মতো বস্তু থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। গ্রামবাসীরা দুই যুবককে ঘিরে ফেলে। গ্রামবাসীদের দেখে ওই যুবক বোমাটি পাশাপাশি দুই রেললাইনের মাঝে ফেলে দেয়। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। খবর পৌঁছয় নিমতিতা রেলস্টেশনেও। খবর মিলতেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। বারহাড়োয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ও একটি মালগাড়ি দীর্ঘক্ষণ আটক পড়ে। রেললাইন থেকে বোমাটি সরিয়ে নেওয়ার পর রেলের বিশেষ একটি ইঞ্জিন লাইনে ট্রায়াল দেয়। প্রায় ঘণ্টা খানেক পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নিমতিতা স্টেশন ম্যানেজার অরুণ কুমার সিং ব্যস্ত আছি বলে বিষয়টি এড়িয়ে যান।



