সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সন্ধ্যায় সূতির নিমতিতা আন্ডারপাসে টোটোর ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম আবু তাহের মোমিন (৫০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। টোটোটি তাঁকে আচমকাই ধাক্কা দেয়। টোটোর ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Advertisement
সূতি থানার পুলিস জানিয়েছে, সাইকেল চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আবু তাহের সাহেব কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নিমতিতায় রেলের আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টোটো সজোরে ধাক্কা মারে। টোটোর ধাক্কায় তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। মাথায় ও বুকে মারাত্মকভাবে আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।



