নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের পর এবার নিয়ামতপুরে ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় উদ্বেগে ব্যবসায়িক মহল। শনিবার বিকেলে কুলটি থানার নিয়ামতপুরে সুনীল গোয়েঙ্কার চালের আড়তে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী পরিবার সহ বেঙ্গালুরুতে রয়েছেন। তাঁর এক কর্মচারী আড়তে ছিলেন। এদিন বিকেলে তিন দুষ্কৃতী সেখানে আসে। তারা ওই কর্মচারীকে মারধর করে দোকানের দোতলার ঘরে নিয়ে যায়। অভিযোগ, তাঁকে সেই ঘরে বন্ধ রেখে, ক্যাশবাক্স থেকে ৫০-৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। প্রসঙ্গত, বুধবার দুর্গাপুরে এক ব্যবসায়ীর স্কুটির ডিকি থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুটের ঘটনা ঘটে। তারপরই আবার এই ঘটনায় ব্যবসায়িক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। নিয়ামতপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শচীন ভালোটিয়া বলেন, দিনে-দুপুরে এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বেগে আছি। ডিসি সন্দীপ কাররা বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।



