Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়মিত খোলে না অঙ্গনওয়াড়ি, আরামবাগে তুমুল বিক্ষোভ

নিয়মিত খোলে না অঙ্গনওয়াড়ি, আরামবাগে তুমুল বিক্ষোভ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নিয়মিত খোলে না কেন্দ্র। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তার জেরে অচলাবস্থা তৈরি হয়েছে আরামবাগের পূর্ব কেশবপুরে জানা পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিকেলে অভিভাবকরা সিডিপিও(চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার)এর অফিসে গিয়েও এব্যাপারে অভিযোগ জানান। অভিভাবকদের দাবি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতি মিলিয়ে প্রায় ৫০জন রয়েছেন। সেখানে পূর্ব কেশবপুরের জানাপাড়া, হাইতপাড়া, সামন্ত ও কোলেপাড়ার বাসিন্দারা পরিষেবা পান। অভিভাবক কবিতা জানা, অমিতা জানা বলেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সপ্তাহে তিনদিন এখানে আসেন। বাকি দিনগুলি অন্য কেন্দ্রে যান। এছাড়া সহায়িকা রান্না করলেও নিয়মিত কেন্দ্র খোলা হয় না। ফলে শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। তারসঙ্গে খিচুড়িতে শাক-সব্জি থাকে না। গত সপ্তাহের শেষের দিকেও কেন্দ্র খোলেনি। বারবার বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ওই কেন্দ্রের কর্মী বলেন, একসঙ্গে দুটো কেন্দ্রের দায়িত্বে রয়েছি। সাইকেল নিয়ে পৃথক দু’টি কেন্দ্রে দীর্ঘ পথ যেতে হয়। তারজন্য নানা সমস্যা হচ্ছে। তাই অভিভাবকরা তালা দিয়েছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিন সকালে কেন্দ্রে তালা দেওয়ার পর তা আর খোলেনি। বিকেলে অভিভাবকদের একাংশ আরামবাগে সিডিপিও অফিসে যান। আরামবাগের সিডিপিও সায়ন্তন জোয়ারদার বলেন, সংশ্লিষ্ট কর্মী দু’টি পৃথক কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তার ফলে শিশুরা প্রাক স্কুলের পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। কর্মী সঙ্কটের কারণে এমন সমস্যা হচ্ছে। দ্রুত কর্মী নিয়োগের প্রক্রিয়াও চলছে বলে আমরা অভিভাবকদের জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ