Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের অভিযোগে রাস্তার কাজ বন্ধ তপনে

নিম্নমানের অভিযোগে রাস্তার কাজ বন্ধ তপনে
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: সিডিউল বোর্ড না ঝোলানো এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে তপনের পাহাড়পুরে দু’দিন ধরে রাস্তার কাজ বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, নিম্নমানের ইট এবং বালি ব্যবহার হচ্ছে রাস্তার কাজে। রবিবার সেজন্য কাজ বন্ধ করে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সোমবারও তাঁরা কাজ শুরু করতে দেননি।
Advertisement
তপন ব্লকের ১০ নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরে রবিন কর্মকারের বাড়ি থেকে বিজয় কর্মকারের বাড়ি পর্যন্ত ১৩৩ মিটার সিসি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার টাকা। ইট বিছানোর কাজ শুরু হয়েছিল রবিবার। গ্রামবাসীদের অভিযোগ, সিডিউল বোর্ড না লাগিয়েই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। তাই কাজ বন্ধ করে দেন তাঁরা। স্থানীয় সোমবারু বর্মন ও অনিমা বর্মনরা বলেন, দু’নম্বর ইট এবং খারাপ  বালি দিয়ে ইট সোলিং শুরু হয়েছিল রবিবার। সিডিউল বোর্ড লাগানো হয়নি বলে কাজ বন্ধ করে দিয়েছি আমরা। এবিষয়ে রাস্তার ঠিকাদার রাজু শীল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ মিথ্যা। সিডিউল বোর্ডের রং না শুকোনোর জন্য লাগানো হয়নি। দু’একদিনের মধ্যে বোর্ড বসানো হবে।  এবিষয়ে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ ফোনে জানিয়েছেন। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখে সমাধানের ব্যবস্থা করা হবে।
নিম্নমানের কাজের জন্য বন্ধ করা হয়েছে রাস্তা তৈরির কাজ।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ