সংবাদদাতা তেহট্ট: দীর্ঘদিন পর জেলাপরিষদের উদ্যোগে তেহট্টের ছিন্নমস্তাতলা থেকে সাহাপুর পর্যন্ত রাস্তা সংস্কার শুরু হয়েছিল। কিন্তু শুরুর পরপরই নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়রা রাস্তা সংস্কার বন্ধ করে দেন। শুক্রবার তেহট্ট থানার সাহাপুর এলাকায় এঘটনা ঘটেছে। জেলা পরিষদ জানিয়েছে, এবিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ছিন্নমস্তাতলা থেকে সাহাপুর যাওয়ার এটাই মূল রাস্তা। বহুদিন ধরে বেহাল থাকায় সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে পুকুরের চেহারা নিত। সাহাপুর, গোপালপুর, নবীননগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই মহকুমা শাসকের কার্যালয়, তেহট্ট আদালত, মহকুমা হাসপাতাল, স্কুল, ব্যাঙ্কে যেতে হয়। সেজন্য রাস্তাটি সংস্কারের দাবি উঠেছিল। অবশেষে জেলাপরিষদ মানুষের দাবি মেনে প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কারে ১ কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করে। কিন্তু সংস্কার শুরুর পরই অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেখানে যে পরিমাণ পাথর দেওয়ার কথা, সেখানে তত পাথর দেওয়া হচ্ছে না। ধুলোর উপরই পিচ দিয়ে দেওয়া হচ্ছে।



