Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নম্বর প্লেটহীন ট্রাক্টরে দেদার বালি পাচার বিষ্ণুপুরে

নম্বর প্লেটহীন ট্রাক্টরে দেদার বালি পাচার বিষ্ণুপুরে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুলিসকে ফাঁকি দিতে এবার বালি মাফিয়ারা নতুন কৌশল নিয়েছে। খাদান থেকে বালি পাচারের জন্য তারা নম্বর প্লেটহীন যানবাহন ব্যবহার করছে। রবিবার বিষ্ণুপুর থানার পুলিস নম্বর প্লেটহীন একটি বালি ভর্তি ট্রাক্টর আটক করেছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, জয়রামপুর-বীরসিং রোডে ভোরা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে একটি বালি ভর্তি ট্রাক্টর আটক করা হয়। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাক্টরটির নম্বর প্লেট ছিল না।  জানা গিয়েছে, বিষ্ণুপুর মহকুমা এলাকার নদনদী গুলি থেকে ব্যাপক বালি পাচার চলছে। দ্বারকেশ্বর ও দামোদরের পাশাপাশি ওই মহকুমার ছোটোখাটো জোড়বাঁধ থেকেও দেদার বালি তোলা চলছে। ভূমি দপ্তরের পক্ষ থেকে বর্ষার সময় নদনদী থেকে বালির তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নভেম্বরের প্রথম সপ্তাহে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর থেকে জেলার নদনদীগুলির বৈধ ঘাটে বালি তোলার কাজ শুরু হয়েছে। বৈধ ঘাটের পাশাপাশি বালি মাফিয়াদের একাংশ বাঁকুড়ায় নদনদীর বিভিন্ন জায়গা থেকে ব্যাপক বালি তুলে পাচার করছে। 
Advertisement
নিয়ম না মেনে যত্রতত্র বালি তোলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রথম দিকে জেলা ভূমি দপ্তরের আধিকারিকদের বড় অংশ বিষয়টি নিয়ে নিষ্ক্রিয় ছিলেন। তা নিয়ে পুলিস মহলে ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি নিয়ে ‹বর্তমান› পত্রিকায় খবর প্রকাশের পরই বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিবেক দত্তাত্রেয় ভাসমে পুলিসের সঙ্গে যৌথ অভিযানের নির্দেশ দেন। তারপর জেলায় ব্যাপক ধড়পাকড় ও কড়া নজরদারি শুরু হয়। তাতেই নম্বর প্লেটহীন ট্রাক্টরটি আটক হয়। পুলিস দেখে মাঝ রাস্তায় ট্রক্টর ফেলে চালক পালিয়ে যায়। পুলিস তার খোঁজ চালাচ্ছে।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, গাড়ির নম্বরপ্লেট খুলে বেআইনি বালি পাচার করেও মাফিয়ারা পার পাবে না। কারণ শুধুমাত্র নম্বরপ্লেট খুলে ফেললেই গাড়ির মালিককে আড়াল করা যাবে না। কারণ গাড়ির চেসিসে বিশেষ নম্বর খোদাই করা থাকে। আঞ্চলিক পরিবহণ দপ্তরের কাছে বাজেয়াপ্ত হওয়া গাড়ি নিয়ে গেলেই মালিকের নাম জানা যাবে। তখন মালিক, চালক ও পাচার চক্রের চাঁইদের সহজেই গ্রেপ্তার করা যাবে।
সম্পর্কিত সংবাদ