সংবাদদাতা, ময়নাগুড়ি: অভিনব কায়দায় মোষ পাচার করতে গিয়েও শেষ রক্ষা হল না। ময়নাগুড়ি থানার পুলিসের জালে ধরা পড়ল দু’টি কন্টেনার। উদ্ধার হল ৭৫টি মোষ। বৃহস্পতিবার ভোরে পুলিস মোষগুলি উদ্ধার করে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার সামনে। এ ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি অসম। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আইজুল শেখ, কামেল মোল্লা, আমিরুল হক, ফুলবর আলি, আনোয়ার মোল্লা ও অজগর আলি। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।
Advertisement
বৃহস্পতিবার ভোরে মোষ বোঝাই কন্টেনার ময়নাগুড়ির উপর দিয়ে যাচ্ছে, এমনই খবর আসে থানায়। গাড়ির বর্ণনা পেয়ে জাতীয় সড়কে ওত পেতে বসে থাকে পুলিস। দু’টি কন্টেনার দেখতে পেয়ে পুলিস কর্মীরা দাঁড় করান। কিন্তু বর্ণনা অনুযায়ী গাড়ির নম্বর আলাদা ছিল। এরপরেও গাড়িতে কী রয়েছে সেটা দেখতে চেয়ে কন্টেনারের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিসের। একটি গাড়িতে ৪০টি এবং অপর গাড়িতে ৩৫টি মোষ উদ্ধার হয়। এদিকে, গাড়ির ভিতর দেখা যায় নম্বর প্লেট পড়ে রয়েছে। যে নম্বর প্লেটগুলি অন্য রাজ্যের। অথচ গাড়িতে যে নম্বর প্লেট লাগানো, তা উত্তরপ্রদেশের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। তাদের কথায় অসঙ্গতি মেলে। অভিযুক্তরা মোষ পরিবহণের বৈধ কোনও কাগজও দেখাতে পারেনি। পরে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মোষগুলি খোঁয়াড়ে রাখা হয়েছে বলে পুলিস জানিয়েছে।
আইসি বলেন, শীতের মরশুমে কুয়াশার সুযোগ নিয়ে গবাদিপশু পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। তবে পুলিস সজাগ রয়েছে। মহাসড়কগুলিতে লাগাতার টহল চলছে। সেকারণেই একের পর এক গবাদিপশু বোঝাই গাড়ি ধরা পড়ছে।
আইসি বলেন, শীতের মরশুমে কুয়াশার সুযোগ নিয়ে গবাদিপশু পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। তবে পুলিস সজাগ রয়েছে। মহাসড়কগুলিতে লাগাতার টহল চলছে। সেকারণেই একের পর এক গবাদিপশু বোঝাই গাড়ি ধরা পড়ছে।



