Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ম না মানায় ৩০টি টোটো আটক ময়নাগুড়িতে  

নিয়ম না মানায় ৩০টি টোটো আটক ময়নাগুড়িতে
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রশাসনের নিয়ম না মেনে সড়ক দিয়ে চলছে টোটো। বারবার সতর্ক করা হলেও চালকরা তাতে কর্ণপাত করেননি। শনিবার নিয়ম না মেনে টোটো চালানোর বিরুদ্ধে অভিযান করল পুলিস। শহরের বিভিন্ন রাস্তা থেকে ৩০টি টোটো আটক করা হয়। সেগুলিকে ময়নাগুড়ি থানায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস জানিয়েছেন।
Advertisement
একাধিকবার বৈঠক, টোটো ধরপাকড় করার পরেও হুঁশ ফিরছে না কিছু চালকদের। এখনও প্রচুর টোটোচালক পুরসভা থেকে নম্বর প্লেট সংগ্রহ করেননি। অনেকেই টোটোর ডানপাশ আটকে দেননি। বেশীরভাগ টোটোর নম্বর প্লেটই নেই। ময়নাগুড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থান নো-পার্কিংজোন হিসেবে প্রশাসন চিহ্নিত করে বোর্ড লাগিয়েছে। সেখানে সকাল থেকে লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকছে একাধিক টোটো। প্রশাসনের হুঁশিয়ারিতে তারা কিছুক্ষণের জন্য সরলেও পরে ফের নো পার্কিংজোন দখল করে নিচ্ছে। এমনকী শহরের ফুটপাত থেকে শুরু করে বাজারে প্রবেশের মূল রাস্তা প্রতিনিয়ত দখল করে দাঁড়িয়ে থাকছে। এমনই সব টোটোচালকদের বিরুদ্ধে শনিবার সকাল থেকে শুরু হয় অভিযান। যদিও প্রশাসনকে দেখে অনেক চালক টোটো নিয়ে চম্পট দেন। এরপরও ৩০টি টোটো দুপুর পর্যন্ত আটক করে ট্রাফিক পুলিস।
ট্রাফিক বিভাগের ওসি বলেন, একাধিকবার ধরপাকড় অভিযান হচ্ছে। এরপরও কিছু টোটোচালক সঠিক নিয়ম পালন করছে না। আমাদের ধরপাকড় লাগাতার চলবে। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। টোটোগুলি থানায় আটকে রাখা হয়েছে।
সম্পর্কিত সংবাদ