Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাম বিভ্রাটে  বর্ধমানের দুই মাধ্যমিক পরীক্ষার্থী পেল না অ্যাডমিট

নাম বিভ্রাটে  বর্ধমানের দুই মাধ্যমিক পরীক্ষার্থী পেল না অ্যাডমিট
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নাম বিভ্রাটের জেরে পূর্ব বর্ধমানের দুই মাধ্যমিক পরীক্ষার্থী বিপাকে পড়েছে। তাদের অ্যাডমিট কার্ড আসেনি। আদৌ তারা পরীক্ষায় বসতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। মঙ্গলকোটের মাজিগ্রাম হাইস্কুলের একই নামের দু’জন ছাত্র রয়েছে। তাদের একজন স্কুলে আসে না। পরীক্ষাও দিতে চায় না। অন্যজন রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পোর্টালে তার নাম না তুলে অন্য ছাত্রকে নথিভুক্ত করা হয়। দুই ছাত্রর নাম একই হলেও বাবার নাম আলাদা। স্বাভাবিক কার঩ণেই আকাশ দাস নামে ওই ছাত্র সমস্যায় পড়েছে। 
Advertisement
ওই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা বলেন, সমস্যা সমাধান করার জন্য বোর্ডকর্তাদের সঙ্গেও কথা বলেছিল। আমাদের মতোই আরও কয়েকটি স্কুলে একই ঘটনা হয়েছে। আসলে পোর্টালে সব ছাত্রর নাম থাকে। রেজিস্ট্রেশন করার সময় ভুল হয়েছে। 
একই সমস্যায় পড়েছে রায়নার পলাশন হাইস্কুলের এক ছাত্র। ওই স্কুলেও জাহির শেখ নামে দু’জন পড়ুয়া রয়েছে। একজন স্কুলে আসে না। অথচ তার নামেই রেজিস্ট্রেশেন করা হয়েছে। অন্য জাহির শেখ পরীক্ষা দিতে চায়। কিন্তু তার কাছে অ্যাডমিট কার্ড না এসে অন্য ছাত্রর কাছে তা যায়। বাবার নাম আলাদা থাকার জন্যই ওই পড়ুয়া বেকায়দায় পড়ে গিয়েছে। মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনর অমিত ঘোষ বলেন, আমাদের জেলার তিন পরীক্ষার্থীর অ্যাডমিট আসেনি। মঙ্গলকোট, রায়না ছাড়াও মন্তেশ্বরের এক ছাত্রও অ্যাডমিড কার্ড পায়নি। টেকনিক্যাল সমস্যার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, এখানে বোর্ডের কোনও ভুল নেই। শিক্ষক-শিক্ষিকাদের ভুলের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নাম রেজিস্ট্রেশেনের জন্য আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। একই স্কুলে একই নামে একাধিক পড়ুয়া থাকতেই পারে। কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তাদের বাবার নাম দেখা উচিত ছিল। একটু সতর্কভাবে কাজ হলে পরীক্ষার আগে পড়ুয়াদের দুশ্চিন্তায় পড়তে হতো না। তবে বোর্ড সব সময় পড়ুয়াদের পাশে থাকে। এবারও আশা করি তেমনটাই হবে।
শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, বোর্ড এরকম বেশকিছু পড়ুয়ার নাম নথিভুক্ত করেছে। তাদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ